স্পোর্টস ডেস্ক
পাকিস্তান পুরুষ জাতীয় ক্রিকেট দলের সাদা বলের অন্তর্বর্তী হেড কোচের দায়িত্ব পেলেন আকিব জাভেদ। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই দায়িত্ব পেলেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার। ক্রিকেইনফো, জিও টিভি সহ একাধিক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
এই সময়ের মধ্যে আকিব জাতীয় দলের নির্বাচক কমিটিতেও থাকবেন। বর্তমানে তিনি নির্বাচক কমিটিতে আছেন। পাশাপাশি কোচের দায়িত্ব গ্রহণ করবেন। এক বিবৃতিতে এমনি জানিয়েছেন পিসিবি।
চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে নিয়োগ পান জেসন গিলেস্পি। একই সময়ে সাদা বলের ক্রিকেট ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় গ্যারি কারস্টেনকে। তবে গত মাসে দায়িত্ব থেকে অব্যাহতি নেন কারস্টেন। এরপর থেকে সাদা বলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিলেস্পি। বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সাদা বলের সিরিজই হতে পারে তার প্রথম দায়িত্ব। তাহলে গিলেস্পি শুধু টেস্টের দায়িত্বেই থাকবেন। অবশ্য, তিনি এটাই চান।
২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ঘরোয়া ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপুল অভিজ্ঞতার কারণেই ভাবা হচ্ছে জাভেদকে।
পুরো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারস্টেনের পদত্যাগের পর। গিলেস্পি শুধু টেস্টের দায়িত্বই নিতে চান। মেলবোর্নে অস্ট্রেলিয়ান মিডিয়াকে গিলেস্পি বলেছেন, ‘আমি অন্তর্বর্তী হিসেবেই শুধু সাদা বলের দায়িত্ব নিয়েছি। এই মুহূর্তে সাদা বলে স্থায়ীভাবে কোচিং করানোর ইচ্ছা আমার নেই। আমি পুরো সময়ে সাদা বলের কোচিং করানোর জন্য আবেদন করিনি।’
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন, ‘আমি কোচিং ভালোবাসি কিন্তু বাড়ির বাইরে আমি ১১ মাস থাকতে পারব না। আমি এটাও মনে করি না যে এটা আমি মানসিকভাবে নিতে পারব।’ মূলত পরিবারকে সময় দিতে চান গিলেস্পি।











































