Home খেলাধুলা ইংল্যান্ডের ২১৮ রান মামুলি বানিয়ে টি-টোয়েন্টি জিতল উইন্ডিজ

ইংল্যান্ডের ২১৮ রান মামুলি বানিয়ে টি-টোয়েন্টি জিতল উইন্ডিজ

36


স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নেমেছিল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৩ ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয় স্বাগতিক উইন্ডিজের। চতুর্থ ম্যাচে তাই পাওয়া- না পাওয়ার অত হিসাব ছিল না। এমন ম্যাচে ক্যারিবিয়ানরা খেলেছেন দাপটের সঙ্গে। ৫ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের করা ২১৮ রান টপকে গেছে এক ওভার বাকি থাকতেই।


বিশাল এই রান তাড়া করে রেকর্ডও গড়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাঠে এই প্রথম দুইশ রান তাড়া করে জিতল তারা। এর চেয়ে বেশি রান তাড়া করে আর একবারই জিতেছে দলটি। ২০১৫ সালে জোহানেসবার্গে স্বাগতিকর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩১ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

রবিবার ভোরে ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই মনোভব বুঝিয়ে দেন এভিন লুইস ও শেই হোপ। মাত্র ৯.১ ওভারেই ১৩৬ রান যোগ করেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৩১ বলে ৬৮ রান করেন লুইস, ৭ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৫৪ হোপ। পাওয়ার প্লেতে এদিন ৬৯ রান করে উইন্ডিজ।

২৩ বলে নিজের অর্ধশতক আদায় করেন হোপ। আর প্রথমদিকে ধীরস্থিরে খেলা লুইস পরে ব্যাটে ঝড় তুলে হাফ সেঞ্চুরি আদায় করেন ২৬ বলে। রেহানের বলে লুইসের বিদায়ে ভাঙে এই জুটি। পরের বলে রান আউট হয়ে যান শেই হোপ। আগের ম্যাচেও তিনি রান আউট হয়েছিলেন। এর পরের বলেই রেহানের গুগলিতে আউট হয়ে যান নিকোলাস পুরান।

হঠাৎ তিন উইকেট হারানোয় ম্যাচে তৈরি হয় নাটকীয়তা। তবে চারে নেমে দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ২৩ বলে ৩৮ রান করেন তিনি। ১৭ বলে অপরাজিত ২৯ রান করেন শেরফান রাদারফোর্ড।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝড় তোলে ইংল্যান্ডও। ৫ ওভারে ৫৪ রান তোলেন ফিল সল্ট ও উইল জ্যাকস। ১২ বলে ২৫ করে বিদায় নেন জ্যাকস। তিনে নামেন বাটলার। দুজনের ব্যাটিংয়ে ১০ ওভারেই শতরান পার করে দলটি। ৩৫ বলে ৫৫ রান করে ফেরেন সল্ট। আর বাটলার আউট হন ২৩ বলে ৩৮ করে। ইংল্যান্ডকে বড় রানের সংগ্রহ এনে দেন জ্যাকব বেথেল। ৫ ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬২ করেন এই তরুণ ব্যাটার।