Home খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ আসবে কবে

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ আসবে কবে

13


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখনো চলছে নাটকীয়তা। চূড়ান্ত হয়নি সূচিও। তবে এরই মধ্যে সফর শুরু করে দিয়েছে টুর্নামেন্টের ট্রফি। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয়েছে এই যাত্রা। বাংলাদেশে এটি আসবে আগামী মাসে।


আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, ইসলামাবাদ থেকে অ্যাবোটাবাদ, মুরি, করাচি হয়ে ট্রফিটি যাবে দেশের বাইরে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সাতটি দেশ ঘুরবে এই ট্রফি। এরপর আবার ২৭ জানুয়ারি ফিরবে পাকিস্তানে।

পাকিস্তান থেকে প্রথমেই ট্রফিটি যাবে আফগানিস্তান। সেখানে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হবে প্রদর্শনী। এরপরই সেটি আসবে বাংলাদেশে। ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। তবে সেটি শুধু ঢাকায়ই নাকি অন্য কোথাও নেওয়া হবে সেটি নিশ্চিত নয়। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয়েছিল পদ্মা সেতুতে।

বাংলাদেশ থেকে ট্রফিটি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে যাবে ভারতে। টুর্নামেন্টে দেশটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেখানে ১১ দিন অবস্থান করবে ট্রফিটি।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। তবে পাকিস্তানে এটি হবে কি না সেটি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এরই মধ্যে পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই।

ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে ২০২৩ সালের মতোই হাইব্রিড মডেলে হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলংকা। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন না করার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি।