স্পোর্টস ডেস্ক।।
সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপ ফাইনালে চুমুকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। এবার চ্যাম্পিয়ন হওয়া দল স্পেনের ফুটবল সভাপতি লুইস রুবিয়ালেসর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে দেশটির সরকার। তিনি স্পেনের নারী ফুটবলার জেনিফার হার্মোসোকে যৌন নিগ্রহ করেছেন কি না সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। খবর আল জাজিরার।
এ নিয়ে স্পেনের সর্বোচ্চ আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল কোর্টের বিচারকের রুবিয়ালেসের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। যৌন নিগ্রহের অভিযোগের তদন্ত করা হবে। ১৫ দিনের মধ্যে হার্মোসো মামলা করতে পারেন। এ ছাড়া, এক নাবালিকার সামনে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সে দিন দর্শকাসনে স্পেনের রাজকন্যা ইনফান্তা সোফিয়া হাজির ছিল। তার সামনেই উচ্ছ্বাস করতে গিয়ে নিজের যৌনাঙ্গ চেপে ধরে অঙ্গভঙ্গি করেছিলেন রুবিয়ালেস।
এর আগে জানা গিয়েছিল রুবিয়ালস পদত্যাগ করবেন। কিন্তু দুদিন আগেই তিনি স্পষ্ট করে দেন, ইস্তফা দিচ্ছেন না। তার পরেই স্পেনের নারী দলের ৮২ জন ফুটবলার জানান, তারা জাতীয় দলের হয়ে খেলবেন না। প্রধান কোচ জর্জ ভিলদা বাদে বাকি কোচিং স্টাফেরা পদত্যাগ করেছেন। এত কিছুর পরেও রুবিয়ালেসের দাবি, হার্মোসোর সঙ্গে তার চুম্বন সম্মতির ভিত্তিতেই হয়েছে। যদিও সেই ফুটবলার তা মানতে চাননি।
এদিকে ছেলের এমন কাণ্ডে মা অ্যাঞ্জেলেস বেজার হার্মোসোকে সত্য বলতে অনুরোধ জানিয়ে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রুবিয়ালস নিষ্ঠুরতার শিকার বলে দাবি করছেন তার মা। এজন্য হতাশ হয়ে পড়ছেন তিনি। রুবিয়ালসের দাবির পুনরাবৃত্তি করে বেজারও বলছেন, চুমুতে সম্মতি ছিল উভয়পক্ষের। চুমু নিয়ে হার্মোসো প্রথমদিকে যেই বক্তব্য দিয়েছেন সেটিতে স্থিরও থাকতে অনুরোধ করেছেন বেজার।
বেজার তার ছেলের প্রতি ঘটা এই ‘নিষ্ঠুরতার’ জন্য ডিভিনা পাস্তোরা ডি মট্রিল চার্চে গেছেন এবং প্রতিজ্ঞা করেছেন, তার চোখে ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তিনি ‘অনির্দিষ্টকালের জন্য দিনরাত’ অনশনে থাকবেন।











































