স্পোর্টস ডেস্ক।।
ভারতীয় দলে চিন্তার ভাঁজ, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পাওয়া যাবে না দলের ওপেনার লোকেশ রাহুলকে। কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, লোকেশ সুস্থ হলেও এখনো খেলার মতো অবস্থায় নেই। আপাতত তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবেন। আসরের গ্রুপ পর্বের পর সুস্থ হলে তবেই দলে যোগ দেবেন।
এর আগে রাহুল আইপিএল খেলার সময় চোট পেয়েছিলেন। তবে সেই চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটও করেছিলেন তিনি। কিন্তু পরে আবার চোট লাগে তার। সেই চোট সারিয়ে এখনই মাঠে ফিরতে পারছেন না রাহুল।
এ নিয়ে আজ মঙ্গলবার কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই, রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না ও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।’
এর আগে এশিয়া কাপের দল ঘোষণার সময়ই বলা হয়েছিল যে, রাহুল সুস্থ হলে তবেই এশিয়া কাপ খেলতে যাবেন। ভারতীয় দলের কোচ মঙ্গলবার জানিয়ে দিলেন যে, রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন, কিন্তু এখনই ম্যাচ খেলার মতো জায়গায় তিনি নেই।











































