Home খেলাধুলা তামিমের জায়গায় কে, জানা যাবে মঙ্গলবার

তামিমের জায়গায় কে, জানা যাবে মঙ্গলবার

56

স্পোর্টস ডেস্ক।।

নাটকীয়ভাবে অবসর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরদিনই সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম ইকবাল। এরপর লন্ডনে যান পিঠের চোটের চিকিৎসা করাতে। তবে লন্ডন থেকে ফিরে ঘোষণা দেন ওয়ানডে দলের অধিনায়ক আর থাকবেন না তিনি। চোটের কারণে নিজেকে সরিয়ে নেন এশিয়া কাপের দল থেকেও।

তামিমের সরে দাঁড়ানোয় বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটি নিয়ে চলছে জোর গুঞ্জন। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দেশকে টেস্ট ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান। আলোচনায় আছেন তামিমের অবর্তমানে আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করা লিটন দাসও। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও চলছে গুঞ্জন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি। অধিনায়ক ইস্যুতে মূলত কথা হবে এখানে। এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কত্ব কে করবেন সেটি চূড়ান্ত হতে পারে এই মিটিংয়ে।

 

অধিনায়ক হিসেবে যে সাকিব এগিয়ে থাকছেন সেটি বোঝা গেছে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়ও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো পরিষ্কার পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন আগামী ২ বছর সাকিব খেলবে ওর সাথেও তো বসতে হবে। আমরা জেনে নেই একটু। বিষয়টি নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া।’