স্পোর্টস ডেস্ক।।
দল খারাপ পারফরম্যান্স করায় আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রায়ান লারাকে। সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ও এক সময়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে কাজ করা ড্যানিয়েল ভেট্টোরিকে।
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের কোনো দলকে কোচিং করাতে যাচ্ছেন ভেট্টোরি। এর আগে ২০১৪ থেকে ২০১৮ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করেছেন এই কিউই। সম্প্রতি অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ভেট্টোরি। বর্তমানে ইংল্যান্ডের দ্য হান্ডেড টুর্নামেন্টের দল বার্মিংহাম ফোয়েনিক্সের কোচের ভূমিকায় রয়েছেন। ব্যাঙ্গালুরুকে ২০১৫ সালে প্লে-অফ এবং ২০১৬ সালে ফাইনালে তুলেছিলেন ভেট্টোরি।
ভেট্টোরির আগমন জানিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের টুইটারে লিখেছে, ‘কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি অরেঞ্জ আর্মিদের দলে হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন।… যেহেতু লারার ২ বছর সময়কাল শেষ হয়েছে তাকে আমরা শুভেচ্ছা জানাই।’
আইপিএলের ২০২৩ মৌসুম শুরুর আগে টম মুডির জায়গায় হেড কোচের দায়িত্ব দেওয়া হয় লারাকে। অবশ্য ব্যাটিং কোচ হিসেবে হায়দ্রাবাদ শিবিরে ২০২২ সালেই যোগ দিয়েছিলেন লারা। এই মৌসুমে ১০ নম্বরে থেকে আইপিএল শেষ করে হায়দ্রাবাদ।
২০১৯ সালেও হায়দ্রাবাদের কোচ ছিলেন মুডি। পরে ২০২০ ও ২০২১ মৌসুমে দায়িত্ব দেওয়া হয় ট্রেভর বেইলিসকে। অর্থাৎ, সর্বশেষ ৬ মৌসুমে পাঁচবার কোচ পরিবর্তন করল হায়দ্রাবাদ।









































