বিনোদন ডেস্ক।।
বছরের পর বছর নিশ্চিন্ত মনে কাজ করে যাচ্ছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশি খান্না। কখনও অপ্রীতিকর কোনো ঘটনার শিকার হতে হয়নি তাঁকে। এবার হঠাৎ করে চমকে যাওয়ার মতো অভিজ্ঞতা হলো এই তারকা অভিনেত্রীর। শুটিংয়ে গিয়ে চুরির শিকার হতে হলো তাঁকে। তাও আবার ভ্যানিটি ভ্যানে।
ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ’সম্প্রতি একটি নতুন প্রকল্পের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাশি খান্না। কাজের ফাঁকে বিশ্রামের জন্য তিনি যখন নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন, তখনই এই চুরির ঘটনাটি ঘটে।’
জানা গেছে, ’রাশির ব্যাগে ছিল ৫০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ হাজার টাকার বেশি। অভিনেত্রী যখন ক্যামেরার সামনে শট দেওয়ার জন্য ভ্যান থেকে বাইরে বেরিয়ে আসেন, সেই সুযোগ কাজে লাগিয়েই হাতসাফাই করে ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা এক কর্মী।’
শুটিং শেষে ভ্যানে ফিরে রাশি যখন নিজের ব্যাগ পরীক্ষা করেন, তখন দেখেন ব্যাগের টাকা গায়েব। এর পরই তিনি শুটিং সেটের নিরাপত্তা অফিসারকে খবর দেন। তড়িঘড়ি তল্লাশি শুরু করতেই ওই কর্মীর আচরণে সন্দেহ হয় সবার। কড়া জিজ্ঞাসাবাদের মুখে শেষমেশ সে চুরির কথা শিকার করে এবং তাঁর কাছ থেকেই উদ্ধার হয় অভিনেত্রীর খোয়া যাওয়া টাকা।
এদিকে চুরির খবর জানাজানি হতেই সেটের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। নিরাপত্তারক্ষীরা মেজাজ হারিয়ে ওই যুবককে মারধর করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্বয়ং রাশি খান্নাও। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর চারদিকে বেশ শোরগোল পড়ে যায়। এই বিষয়ে ফ্লোরের একজন বলেন, ‘চুরির ঘটনাটি যখন সামনে আসে, তখন সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। নিরাপত্তাকর্মীরা অপরাধীকে ধরে গণধোলাই দেয় এবং সেট থেকে বের করে দেয়। এ ধরনের ঘটনা পুরো চলচ্চিত্র জগতের জন্যই অত্যন্ত লজ্জাজনক।’
শুরুতে শোনা গিয়েছিল, চুরি হওয়া টাকাগুলো রাশি খান্নার নিজের, তাঁর টিম এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, হারানো টাকাগুলো আসলে অভিনেত্রীর ম্যানেজারের ছিল, রাশির নয়। আগামীতে রাশি খান্নাকে দেখা যাবে ‘রাউডি অ্যান্ড কোং’, ‘তালাখোঁ মে এক’, ‘ব্রিজ’, ‘লুক্কে’ এবং ‘ফারজি ২’-এর মতো আলোচিত সব কাজ।









































