Home খেলাধুলা জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ আফঈদার

জাইমা রহমানকে বাফুফেতে আমন্ত্রণ আফঈদার

1

জাইমা রহমানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার। একই সঙ্গে নারী ফুটবলারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের কার্যকর সহায়তাও কামনা করেছেন তিনি।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড’ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এই আমন্ত্রণ জানান আফঈদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নারী ফুটবলের উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আফঈদা বলেন, ‘আমরা আপনার (ক্রীড়া প্রতিমন্ত্রী) মাধ্যমে জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা জাইমা রহমান আপুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

দেশের জন্য নিয়মিত সাফল্য বয়ে আনা নারী ফুটবলারদের প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই সঙ্গে আমাদের মেয়েদের সুযোগ-সুবিধার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার দাবি জানাচ্ছি। ’

উল্লেখ্য, ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে উৎসাহিত করতে সরকারের বিশেষ কর্মসূচির দ্বিতীয় ধাপে নারী ও পুরুষ ফুটবল দলের ৩৬ জনসহ মোট ১৭১ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে ভাতা দেওয়া হয়েছে।