Home আঞ্চলিক যশোরে পৌনে তিন লাখ শিশু পাবে হাম–রুবেলার টিকা

যশোরে পৌনে তিন লাখ শিশু পাবে হাম–রুবেলার টিকা

2

যশোর অফিস।।

বিশেষ ক্যাম্পেইনে যশোরে পৌনে তিন লাখ শিশুকে হাম–রুবেলার টিকা দেওয়া হবে। এর মধ্যে ইতোমধ্যে পৌনে এক লাখ শিশুকে টিকা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর সদর উপজেলা ও পৌরসভায় ৫ এপ্রিল থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার অন্য সাত উপজেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, যশোর জেলায় হাম–রুবেলার বিশেষ ক্যাম্পেইনে মোট ২ লাখ ৮৪ হাজার ৮০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, ’৫ এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে ইতোমধ্যে ৭৪ হাজার ৫৮৫ জন শিশু টিকা পেয়েছে। সদর উপজেলা ও পৌর এলাকায় এ কার্যক্রম চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। অন্য সাত উপজেলায় ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।’

সংবাদ সম্মেলনে হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্যচিত্র উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সহ-সভাপতি ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেস ক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর প্রমুখ।