Home আঞ্চলিক ঝিনাইদহে চারতলা থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

ঝিনাইদহে চারতলা থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

2

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মতিয়ার রহমান মৌলভীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ’তৈয়ব আলী পোস্ট অফিস মোড়ে একটি পাঁচতলা ভবনের চার তলার বাইরের দিকে রঙের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ভবনের দেয়াল ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে তার শরীরের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা থেকে সরাসরি নিচের সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, ’তৈয়ব আলীকে যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তার মৃত্যু হয়েছিল। মূলত বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং উঁচু থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ’এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’