Home আন্তর্জাতিক আবারও সুইডেনে পোড়ানো হলো কোরআন

আবারও সুইডেনে পোড়ানো হলো কোরআন

68

আন্তর্জাতিক ডেস্ক।।

সারাবশ্বের তীব্র সমালোচনা ও নিন্দা উপেক্ষা করে আবারও সুইডেনের রাজধানী স্টকহোমের মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের পাতায় আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার স্টকহোমে দেশটির সংসদ ভবনের বাইরে কোরআনে দুই ব্যক্তি অগ্নিসংযোগ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়,সোমবার স্টকহোমে সংসদ ভবনের বাইরে সালওয়ান মোমিকা ও সালওয়ান নাজেম নামের দুই ব্যক্তি মুসলিমদের পবিত্র গ্রন্থে লাথি মারেন। পরে এতে আগুন ধরিয়ে দেন তারা।

গত কিছু দিন ধরে সুইডেন এবং ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় মুসলিমদের তীব্র ক্ষোভের মাঝে সোমবারের ওই ঘটনা ঘটেছে। এর আগে, গত জুনের শেষ দিকেও স্টকহোমের প্রধান মসজিদের বাইরে একইভাবে কোরআন পুড়িয়েছিলেন এই দুই উগ্রবাদী। যা পুরো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ এবং নিন্দার জন্ম দেয়। তার আগে গত ২০ জুলাইও স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেন এই দুই বিক্ষোভকারী। তবে সেই সময় কোরআনের ওপর আঘাত করা হলেও আগুন দেননি তারা।

সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেসেনকে সালওয়ান নাজেম বলেছেন, নিষিদ্ধ না করা পর্যন্ত আমি অসংখ্যবার এই কোরআন পোড়াবো।

বারবার কোরআন পোড়ানোর ঘটনা ঘিরে সুইডেন এবং ডেনমার্কের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কে ইতোমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ বা বিক্ষোভের নামে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ডেনমার্ক ও সুইডেন।