চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের আয়োজনে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়ে এ নামাজ আদায় করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা দুই রাকাত বিশেষ নামাজ আদায় করেন।
ইস্তিসকার নামাজ আরও দুদিন আদায় করা হবে জানায় জেলা ওলামা পরিষদ। টানা ১৬ দিনের অসহনীয় গরমে পুড়ছে চুয়াডাঙ্গা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত ইস্তিসকার নামাজের পর বৃষ্টি চেয়ে এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি।
প্রসঙ্গত, টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার বিকালে ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপপ্রবাহ। এটি চলতি মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।











































