Home আঞ্চলিক ব্যস্ত সময় পার করছেন যশোরের হাতপাখার কারিগররা

ব্যস্ত সময় পার করছেন যশোরের হাতপাখার কারিগররা

9

যশোর অফিস।।
যশোরের ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ দক্ষিণপাড়া গ্রামে হাতপাখার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কথা বলার সময় নেই তাদের। কর্মব্যস্ততার মাঝেই কথা হয় বৃদ্ধ জিন্নাত হোসেনের সঙ্গে।
জিন্নাত হোসেনে বলেন, প্রতিদিন একজন মানুষ ৫০-৬০টি পাখা বানাতে পারেন। একটি পাখা তৈরি করতে আমাদের খরচ হয় ১৩-১৪ টাকা। পাইকারি দরে তা বিক্রি করি ১৮-২০ টাকা। আমি এ মৌসুমে প্রায় ৫০০ পাখা বিক্রি করেছি।

তিনি আরো বলেন, পাখা তৈরির মৌসুম চলে গেলে অন্যের জমিতে মৌসুম অনুযায়ী শ্রম বিক্রি করে আমার সংসার চালাই। নিজের জমি নেই তাই অন্যের জায়গায় ঘরে তুলে থাকতেছি। সরকারিভাবে যদি কোনো থাকার জায়গা পাই তাহলে সেখানেই চলে যাবো।

পাখা তৈরির কারিগর রুস্তম আলীর স্ত্রী আঁখি খাতুন বলেন, স্বামী-স্ত্রী মিলেই পাখা তৈরি করি। পাখা তৈরির মৌসুম চলে গেলে আমার স্বামী ফার্নিচার তৈরির কাজ করেন।
হাতপাখা তৈরির খরচের কথা জানতে চাইলে তিনি বলেন, ১০০ পাখা সেলাই করতে খরচ হয় ১০০ টাকা, একটি বাঁশের দাম ৮০ থেকে ১২০ টাকা, একটি বাঁশে ৩০০ পাখার শলাকা তৈরি হয়। ১০০ পাখার শলাকা জড়াতে ১০ টাকা খরচ হয়। ১০০ গ্রাম লাল রঙ কিনতে খরচ হয় ৪০০ টাকা। ১০০ গ্রাম রঙে ১০০০ পাখা রঙ করা যায়। ১০০ গ্রাম সুতা ৩০ টাকায় কিনতে হয়। ১০০ গ্রাম সুতায় ৩০০টি পাখা বাঁধা যায়। এর পরে রয়েছে তালপাতার পরিবহনসহ অন্যান্য খরচ।

পাখা বিক্রেতারা জানান, গরম বেশি পড়লে তাদের বিক্রি বেশি হয় হয়। সারা বছরই তারা পাখা বিক্রি করেন। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্তই মূলত বেশি বেচাকেনা থাকে।

ঝিকরগাছার ইউএনও মাহবুবুল হক জানান, পাখা তৈরিতে সরকারি সহায়তার জন্য উপজেলা বিআরডিবি, যুব উন্নয়ন অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতরে আবেদন করলে আর্থিক সহায়তা পাবেন। ভূমিহীন জিন্নাত আলী উপজেলা পরিষদ কার্যালয়ে আবেদন করলে বিষয়টা বিবেচনা করবেন।