Home আঞ্চলিক ঠিকাদার লাপাত্তা চার বছর আগে, অনিশ্চয়তায় ভবন

ঠিকাদার লাপাত্তা চার বছর আগে, অনিশ্চয়তায় ভবন

10

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
অনিয়ম করে পাথরের বদলে ইটের খোয়া দিয়ে ভবনে ঢালাই দিচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি জানাজানি হওয়ায় নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদার পালিয়ে যান। এর পর পার হয়েছে সাড়ে চার বছর। কাজ শুরু না হওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থা চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভবন নির্মাণকাজে।

জানা গেছে, ঘটনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি নানা সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করেছে প্রায় দু’বছর আগে। তবে ভবনের কাজ আর শুরু হয়নি। এতে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দুর্নীতি করে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

জেলা শহরের পুরোনো হাসপাতাল পাড়ায় ২০১৮ সালের মার্চ মাসে চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। দ্রুত দোতলার মূল কাঠামোর ঢালাই শেষ করা হয়েছিল। তবে তৃতীয় তলার পিলারের ঢালাই শেষে ছাদের সাটারিং করার সময় অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়রা জানতে পারেন। পাথরের বদলে ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের বিষয়টি জানাজানি হওয়ায় রাতের আঁধারে পালিয়ে যায় নির্মাণকারী প্রতিষ্ঠান।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, ঠিকাদারের দুর্নীতির কারণে কাজ বন্ধ হয়ে আছে। দ্রুত ভবনের নির্মাণকাজ শেষ হোক। সেই সঙ্গে যারা দুর্নীতি করেছে, তাঁদের বিচার করতে হবে।

স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, ভবন নির্মাণে মন্ত্রণালয়ের মূল কার্যাদেশে পাথর দিয়ে ঢালাইয়ের কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ থেকে পাথর দিয়ে ঢালাই দেওয়ার অংশের কাগজ সরিয়ে ফেলে। সেখানে সংযুক্ত করে খোয়া দিয়ে ঢালাইয়ের আদেশের কাগজ। ৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে চার তলাবিশিষ্ট ভবনটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের মেসার্স পিয়াস কনস্ট্রাকশন।

সূত্র জানিয়েছে, ঠিকাদার কাজের শুরুতে ১ কোটি ১৭ লাখ টাকার বিল তুলে নিয়েছেন। ভবনটির পরিকল্পনায় গাড়ির গ্যারেজ, হলরুম, জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ব্যবস্থা আছে। দু’পাশে সিঁড়ি ও লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে। অনিয়মের অভিযোগ উঠলে এলজিইডি, গণপূর্ত ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কমিটির সুপারিশ ছিল, চার তলা না করে তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ হলে সমস্যা হবে না।

চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক এ বি এম শরিফুল হক বলেন, বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন কমিটি ও বিভাগীয় সভায় উপস্থাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা জানান, প্রতিবেদনে তাঁরা ভবন নির্মাণের সুপারিশ করেন। ভেবেছিলেন, এতদিনে কাজ শেষ হয়ে গেছে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মূল কার্যাদেশ অনুসারে কাজ করেনি; কাগজ পাল্টে ফেলেছিল। পুনরায় ভবন নির্মাণের আদেশ এলে কাজ শুরু হবে। অল্পদিনেই আদেশ চলে আসবে বলে জানান তিনি।

এ বিষয়ে পিয়াস কনস্ট্রাকশনের ঠিকাদার আব্দুস সালামের পার্টনার আনোয়ার হোসেন পাথরের বদলে ইটের খোয়া ব্যবহার ও কাজ বন্ধের বিষয়ে কিছু বলতে চাননি। কাজ শুরুর বিষয়ে তিনি বলেন, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে কাজটি করা সম্ভব হচ্ছে না।