Home আঞ্চলিক খুলনায় এক টাকায় মিলছে ইফতারসামগ্রী

খুলনায় এক টাকায় মিলছে ইফতারসামগ্রী

9

স্টাফ রিপোর্টার।।
বর্তমান বাজারে এক টাকায় চকলেটও মিলে না, তবে খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা বাজারে এতে মিলছে ইফতারসামগ্রী। প্রতি পিচ বেগুনি, পেঁয়াজু, আলুর চপ ও ঝালের চপ বিক্রি করা হচ্ছে এক টাকায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য স্থানীয় ব্যবসায়ীরা নিয়েছেন এ উদ্যোগ। রমজানজুড়ে চলবে তাঁদের এ কার্যক্রম।

স্থানীয়রা জানান, বাজারের হোটেল ব্যবসায়ী ইকবাল মোল্লা ১৬-১৭ বছর ধরে এভাবে ইফতারসামগ্রী বিক্রি করে আসছেন। প্রতি বছর রমজানে নিজে ভর্তুকি দিয়ে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ ও ঝালের চপ এক টাকায় বিক্রি করতেন। তবে এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাঁর একার পক্ষে আর এটা সম্ভব হচ্ছিল না। এ জন্য বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন। তাঁদের সহযোগিতায় প্রতিদিন ৭ হাজার পিস তৈরি করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ইফতার তৈরির কাজ। বিকেল সাড়ে ৫টার মধ্যেই সব শেষ হয়ে যায়।
মূল উদ্যোক্তা হোটেল ব্যবসায়ী ইকবাল মোল্লা বলেন, কম দামে ইফতারসামগ্রী বিক্রির মূল উদ্দেশ্য খেটে খাওয়া মানুষ যেন স্বল্পমূল্যে ইফতারসামগ্রী কিনে খেতে পারেন। আমার এখানে চপ, বেগুনি, কাঁচা ঝালের চপ, পেঁয়াজু ও ছোলা রয়েছে। ছোলা বাদে সবকিছু এক টাকা পিচ হিসাবে বিক্রি করা হয়। আগে আমি একাই এ আয়োজন করতাম। এবার সবকিছুর দাম বেশি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন।

স্থানীয় দোকানি ও আশপাশের মানুষ ইকবালকে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রিতেও সহযোগিতা করেন। স্থানীয় শিবুপদ দে, মনিরুল ইসলাম টুটুল, আব্দুল খালেক, পর্বত, হাফিজুর, নিরঞ্জন, হায়দার, রায়হানসহ প্রায় ১৬ জন রান্না থেকে বিক্রি পর্যন্ত সহযোগিতা করেন।

ইফতারসামগ্রী বিক্রির সময় মো. পর্বত নামে এক ব্যবসায়ী বলেন, ইকবাল ভাই আগে একাই করতেন। এবার আমাদের সঙ্গে নিয়েছেন। জিনিসপত্রের দাম বাড়তে থাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ। এতে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন ৭ হাজার পিচ বিক্রি করছি। মানুষও কিনছেন, আমাদেরও ভালো লাগছে।

স্থানীয় ব্যবসায়ী মো. জনি ও গোবিন্দ কুমার দাস বলেন, সব শ্রেণির মানুষ যেন ইফতারসামগ্রি কিনতে পারেন, সে জন্য আমাদের এ সহযোগিতা।

মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার বাসিন্দা মাসুদ আলী মোল্লা বলেন, বর্তমান বাজারের প্রেক্ষাপটে এটি খুবই ভালো উদ্যোগ। এর জন্য সবাই স্বল্পমূল্যে ইফতারসামগ্রী কিনতে পারছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। আরেক ক্রেতা রাকিব হোসেন বলেন, এক টাকায় পণ্য দেওয়াতে গরিব-দুঃখী রোজাদাররা স্বস্তি পেয়েছেন। এখানকার ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে রোজাদারদের জন্য এ কাজ করছেন। তাঁদের দেখাদেখি অন্যরাও হয়তো এক দিন এগিয়ে আসবেন।