যশোর অফিস।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীকে হলে আটকে রেখে নির্যাতন ও চাঁদাবাজির ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো একজনসহ তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন শহীদ মশিউর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ।
মামলার এজাহারনামীয় আসামিরা হলো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও সালমান এম রহমান।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আজ (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইসমাইল হোসেন নামে এক শিক্ষার্থীকে মারপিট ও ১০ লাখ টাকা চাঁদার দাবিতে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলা নং ১৫। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনকে শহীদ মশিউর রহমান হলের ৫২৮ নম্বরের কক্ষে ডেকে নিয়ে পাঁচ ঘন্টা ধরে নির্যাতন চালায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত সালমান, শোয়েবসহ তিনজন। এ ঘটনায় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত সালমান ও শোয়েবকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে।











































