খবর বিজ্ঞপ্তি।।
‘সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের গুরুত্ব অনেক। এজন্য পরিবেশ রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। বনের সাথে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২০২৩ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলে গাছ কাটার নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটা একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তিনি বন রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস এবং খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো-সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের নতুন উদ্বোধনকৃত স্মার্ট ক্লাসরুমে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের প্রজেক্ট লিড (কমপাস প্রোগ্রাম) ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠান কো-অর্ডিনেট করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০.১৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের নতুন তৈরিকৃত স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা-গবেষণার জন্য উন্নত পরিবেশ ও সুবিধা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিনে ইতোমধ্যে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব ডিসিপ্লিনে এ সুযোগ-সুবিধা চালু করা হবে। উপাচার্য সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি আধুনিক সুবিধা সম্বলিত এ ক্লাসরুমে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ-গবেষকদের আমন্ত্রণ করে ভার্চুয়ালি ক্লাস নেওয়ার ব্যাপারে ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. ওবায়দুল্লাহ হান্নান ও সিনিয়র শিক্ষক প্রফেসর ড. এ কে ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে কমপ্লায়েন্স উইথ এপিএ রিকয়ারমেন্টস্ প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের
কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘কমপ্লায়েন্স উইথ এপিএ রিকয়ারমেন্টস্’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ২১ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এককভাবে কারও পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। সকলের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই। এটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই সম্ভব। এজন্য সকলের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে যে প্রক্রিয়া নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার একটি অংশ হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)। খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা কোন অবস্থানে দেখতে চাই, এ ব্যাপারে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য আছে। ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শ্লোগান, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। আমাদের পুরো টার্গেটকে বছর হিসেবে ভাগ করে আমরা কাজ করছি। আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, কিংবা কতদূর এগিয়েছি তা বছর শেষে এপিএ’র মাধ্যমে মূল্যায়ন করা হয়। ইতোমধ্যে আমরা এ বছরের টার্গেট পূরণ করে আরও বেশি এগিয়ে রয়েছি। এসব কিছুই সম্ভব হয়েছে সকলের নিরলস প্রচেষ্টায়। তিনি বলেন, নিজেদের মধ্যে যদি ত্রুটি থেকে থাকে তা এই প্রশিক্ষণের মাধ্যমে খুঁজে বের করতে পারলে পরবর্তীতে এপিএর কাজে আমরা আরও বেশি দক্ষ হতে পারবো। একই সাথে এপিএ’র কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার ও এপিএ’র ফোকালপয়েন্ট এস এম আবু নাসের ফারুক। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। পরে দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।











































