মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শহরের পুরাতন বাজার স্বর্ণপট্টিতে মাটির নীচ দিয়ে সুড়ঙ্গ পথ খুঁড়ে বৈদ্যনাথ জুয়েলারিতে চুরির ঘটনায় চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ আন্তঃজেলা। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি ১০ আনা সোনা, ২৯০ ভরি রুপা ও ৩৪ পিস ব্রোঞ্জের চুরি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আবুল হাসান, বাগেরহাট জেলার রামপাল উপজেলার মিন্টু শেখ, মোস্তফিজুর রহমান, ইয়াসিন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মেহেদী হাসান ও মাগুরা সদরের পুলিশ লাইন পশ্চিম পাড়ার মিরাজুল ইসলাম।
রোববার (১৯ মার্চ) দুপুরে মাগুরা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা জানান, মাগুরা শহরের পুরাতন বাজার সোনা পট্টির বৈদ্যনাথ জুয়েলার্সে শুক্রবার রাতে মাটির নীচ দিয়ে সুড়ঙ্গ পথ খুঁড়ে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর তত্ত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাব্বারুল ইসলাম ও সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এ টিম ২৪ ঘণ্টার ব্যবধানে মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি ১০ আনা সোনা, ২৯০ ভরি রুপা ও ৩৪ পিস ব্রোঞ্জের চুরি উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যর নামে পূর্বে বিভিন্ন থানায় চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে।











































