মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় কলা,রুটি ও চা খাইয়ে অচেতন করে চালকের নতুন ইজিবাইক নিয়ে গেলো অজ্ঞান পার্টির সদস্যরা। ইজিবাইক চালক ও মালিক কিবরিয়া অচেতন অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী গ্রামের বাসিন্দা নুর ইসলাম গাজীর ছেলে কিবরিয়া গাজী (২৭) পেশায় একজন ইজিবাইক চালক। কিবরিয়া মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজিবাইক নিয়ে মোংলার চাঁদপাই এলাকায় আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নেয়ার কথা বলে দুই ব্যক্তি তার গাড়ীটি ভাড়া করেন। ৩শ টাকায় ভাড়া করে ইজিবাইকটি নিয়ে দুপুর ১টার দিকে তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর রোগী নামতে একটু দেরি হবে বলে ওই দুই লোক ইজিবাইক চালক কিবরিয়াকে হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে নিয়ে চালককে রুটি, কলা ও চা খাওয়ান তারা। তখন ওই খাবারের সাথে অচেতননাশক খাইয়ে দিলে ১০মিনিটের মধ্যে চালক ঘুমে আচ্ছন্ন ও অসুস্থ হয়ে পড়লে নিজেই গিয়ে হাসপাতালের মসজিদের বারান্দায় শুয়ে পড়েন। তখন দুপুরের জোহরের নামাজের ওয়াক্ত হওয়াতে মসজিদের ঈমাম জাহাঙ্গীর আলী তাকে ডাকাডাকি করলেও না উঠায় তিনি মসজিদের ভিতরে চলে যান। পরে নামাজ শেষে আবার ডাকাডাকি করলে না উঠায় ধরে বসানোর চেষ্টা করলে ঢলে পড়লে তখন তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান ঈমাম জাহাঙ্গীর। এরপর অচেতন ইজিবাইক চালককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে বেডে দেয়া হয়। সন্ধ্যার পর তার সামান্য চেতন হলেও ভাল করে কথা বলতে পারছেন না। এরমধ্যে তার হচ্ছে বমিও। রাত ৯টার দিকে কিছুটা চেতন ফিরে পেলে চালক কিবরিয়া বলেন, হাসপাতাল থেকে রোগী নেয়ার কথা বলে ৩৫ ও ৪০ বছর বসয়ের দুই ব্যক্তি ৩শ টাকায় তার গাড়ীটি ভাড়া করে হাসপাতালে নিয়ে আসেন। ডেলিভারি রোগী নামতে দেরি হবে বলে তারা আমাকে চায়ের দোকানে নিয়ে কলা, রুটি ও চা খাওয়ান। এরপর কি হয়েছে তা আর আমি বলতে পারিনা। ওই দুইজনের একজনের মুখে দাড়ি রয়েছে বলে জানান তিনি।
কিবরিয়ার বাবা নুর ইসলাম গাজী বলেন, ধার দেনা করে নগদ ও কিস্তিতে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ছেলেকে গাড়ীটি কিনে দিয়েছি মাসখানেক হলো। এরমধ্যেই মঙ্গলবার দুপুরে দুই ব্যক্তি আমার ছেলের গাড়ীটি ভাড়া নিয়ে কলা, রুটি ও চায়ের সাথে অচেতননাশক খাইয়ে ইজিবাইকটি নিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে এসে খোঁজ খবর নিয়ে গেছেন। আর ছেলে সুস্থ হলে থানায় অভিযোগ দিতে বলেছেন পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ইজিবাইক চালক সুস্থ হলে তার কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া থানার এসআই মোঃ মিরাজুলকে হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ও সংরক্ষণ করে তাদেরকে (অজ্ঞান পার্টি) সনাক্তকরণের পাশাপাশি তদন্ত চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এদিকে গত শনিবার মোড়েলগন্জে ও সোমবার শরণখোলায় একই কায়দায় দুইটি ইজিবাইক নিয়ে গেছেন অজ্ঞান পার্টির সদস্যরা। এছাড়া কয়েকদিন আগে মোংলার দিগরাজ এলাকায় এমন আরেকটি ঘটনায় থানায় মামলাও হয়েছে।











































