Home জাতীয় আন্তর্জাতিকভাবেও স্বীকৃত বাংলাদেশে গণতন্ত্র নাই: মোশাররফ

আন্তর্জাতিকভাবেও স্বীকৃত বাংলাদেশে গণতন্ত্র নাই: মোশাররফ

8

ঢাকা অফিস।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার হত্যা করেছে। এটা কি শুধু আমরা বলি, সাধারণ জনগণও বলে। শুধু তাই নয় আজকে আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রাটি উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

খন্দকার মোশাররফ বলেন, এর আগে আমেরিকায় গণতান্ত্রিক সম্মেলন হয়েছিল বাংলাদেশ দাওয়াত পায়নি। আবার নতুন করে আরেকটি ডেমোক্রেটিক কাউন্সিল হচ্ছে, সারা পৃথিবীর গণতান্ত্রিক দেশ আমন্ত্রিত হয়েছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। তার অর্থ এই এদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে না।

আওয়ামী লীগ রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে বিএনপি ঘোষিত কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি দিয়ে রাস্তায় থাকার চেষ্টা করছে দাবি করে ড. মোশাররফ বলেন, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। আজকেও ঢাকা শহরে তারা শান্তি সমাবেশ করেছে। খবর নিয়ে দেখেন কয়টা মানুষ সেখানে গিয়েছে। জনগণ আর তাদের সমাবেশে যায় না। কারণ জনগণ এ পর্যন্ত প্রতারিত হয়েছে। বার বার প্রতারিত হয়েছে। আর আওয়ামী লীগ দ্বারা প্রতারিত হতে চায় না।