স্টাফ রিপোর্টার।।
খুলনায় মাহিন্দ্র চালক ওহিদুর রহমান রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে মাসুদ রানা মোল্লা নামে ওই আসামিকে রাজধানীর রূপনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকে প্রায় ৭ বছর পলাতক ছিলেন মাসুদ।
মাসুদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তাকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, মাহিন্দ্রচালক রিপনের বাড়ি সাতক্ষীরায়। ২০১৬ সালের ১১ জানুয়ারি সাতক্ষীরা থেকে খুলনায় আসার জন্য তাঁর গাড়িটি ভাড়া করে রানা মোল্লাসহ পেশাদার চার ছিনতাইকারী। সন্ধ্যায় সাতক্ষীরার তালা এলাকায় ফাঁকা স্থানে আসার পর রিপনকে শ্বাসরোধে এবং ছুরিকাঘাত করে হত্যা করে দলটি।
এরপর খুলনা নগরীর লবণচরা এলাকায় রাস্তার পাশে মরদেহ ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যায় চক্রটি। ঘটনার পরদিন লবণচরা থানা পুলিশ রিপনের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় রিপনের বড় ভাই লবণচরা থানায় হত্যা মামলা করেন। বিচার শেষে আদালত আসামি মাসুদ রানা মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। এত দিন ধরে মাসুদ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিল। সম্প্রতি তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব।











































