Home আঞ্চলিক ধানসিঁড়ি পাড়েই জীবনানন্দ পাঠাগার-যাদুঘর

ধানসিঁড়ি পাড়েই জীবনানন্দ পাঠাগার-যাদুঘর

17

খুলনাঞ্চল রিপোর্ট।।

ধানসিঁড়ি নদী। যাকে ঘিরে প্রকৃতি প্রেমি কবি জীবনানন্দ দাশ একাধিক কবিতা লিখেছেন। যেখানে তার বাল্যকালের স্মৃতি জড়িত আছে বলেও জনশ্রুতি রয়েছে। জীবনানন্দ দাশ ও ধানসিঁড়ি নদী বাংলা সাহিত্য ও কবিতায় গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সেই ধানসিঁড়ি নদী এবং জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পনা অনুযায়ী বাস্তবে রূপ দেওয়া হয়েছে পাঠাগার ও যাদুঘর স্থাপনের। সেইসঙ্গে রয়েছে আরো নানা পরিকল্পনা। নিয়মিত খোঁজ-খবর রাখছেন মন্ত্রী পরিষদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ার।

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উত্তর-দক্ষিণমুখী সড়ক ঝালকাঠি-রাজাপুরের সীমান্তবর্তী এলাকা রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি (বারইবাড়ি) এলাকায় ধানসিঁড়ি নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত জমিতে চলছে অবকাঠামো নির্মাণ। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী মো. রাকিব হোসেনের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

জানা যায়, ধানসিঁড়ি নদী ও জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে ২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্যোগ নেয়। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান নদীর মোহনায় ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

জীবনানন্দ দাশের রচিত কবিতা ও গ্রন্থের স্থায়ীভাবে সংরক্ষণশালা স্থাপনের জন্য ভাটারাকান্দা এলাকার ৪ শতাংশ জমিতে বালু ভরাট করে ভিত্তিপ্রস্তরও স্থাপন উম্মোচন করা হয়। এসব অনুষ্ঠান ও কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে সেটি আর আলোর মুখ দেখেনি। কারণ ধানসিঁড়ি নদী অনেক দূরে এবং যোগাযোগ ব্যবস্থাও দুর্গম।

২০২২ সালের শুরুতে আবার নতুন করে উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড সচিব কবির বিন আনোয়ার। তার নির্দেশনা ও সার্বক্ষণিক তদারকিতে অগ্রসর হতে থাকে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড। সরেজমিন পরিদর্শন এবং ড্রন ভিডিও ধারণ করে দেখানো হয় সচিবকে। তিনি (সচিব) স্থানটি প্রাথমিকভাবে পছন্দ করেন এবং জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারী সরেজমিন পরিদর্শন করে ভিত্তিফলক উন্মোচন করার দিন ধার্য করলেও করোনা বিধিনিষেধের কারণে বাতিল করেন।

পরিকল্পনাপত্রে রয়েছে, জমিটি উপযোগীকরণ, দ্বি-কক্ষ বিশিষ্ট একতলা ভবন, পাঠাগার, যাদুঘর, সুবিন্যাস্ত আসনের ব্যবস্থা, স্থায়ী স্টেইজ, শৌচাগার, সেতু, লেক, প্রহরীর ব্যবস্থাসহ আরো অনেক কিছু। স্থানীয়রাও অধির আগ্রহে অপেক্ষা করছেন সৃজনশীল সরকারের নতুন কোনো সৃষ্টিতে পাঠকপ্রিয় বিনোদন প্রেমিদের বিনোদনের নতুন মাত্রা যোগ হওয়ার প্রত্যাশায়। কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) স্থায়ী উন্মুক্ত মঞ্চ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, ধানসিঁড়ি নদীর পাড়ে প্রকৃতি প্রেমি কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ নেয়া হয়েছে। সে অনুযায়ী ২ কোটি ২৩লাখ টাকা বরাদ্দে অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে।

 

ঝালকাঠির নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা জানান, ১৮ ফেব্রয়ারি কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষ্য ঝালকাঠিতে জীবনানন্দ দাশ’র নামে পাঠাগার ও সংরক্ষণশালা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি আমির হোসেন আমু।

অতিথি হিসেবে থাকবেন মন্ত্রী পরিষদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবির বিন আনোয়ার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, উপসচিব মোহা. শাহজাহান আলী প্রমুখ।