দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে মৃতপ্রায় হিসনা নদী পুনরুদ্ধারের জন্য খনন করা হয়। প্রায় ৩০ বছর পর ২০২২ সালে ৭ কোটি টাকা ব্যয়ে এ নদী পুনঃখনন করা হয়। যার গভীরতা হওয়ার কথা ছিল ৩০ ফুট আর নদীর দুইপাড়ে প্রশস্ত হওয়ার কথা ছিল ৬৫ ফুট। কিন্তু তার কোনোটিই করা হয়নি। সে সময় নদী খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্। কিন্তু বছর না যেতেই খনন করা হিসনা নদী চলে যায় স্থানীয় প্রভাবশালীরা দখলে এবং সেখানে তারা মাছচাষ শুরু করেন। জানা গেছে, ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি বাঁধবাজার হতে হিসনাপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার হিসনা নদী খননে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসীর প্রত্যাশা ছিল নদী খনন শেষে জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখলমুক্ত, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছচাষসহ নদীর প্রবাহ ঠিক রেখে গ্রামীণ জনগোষ্ঠির অর্থনৈতিক গতিধারা সচল রাখা। কিন্তু সরজমিন দেখা গেছে, খনন করা নদীর প্রবাহ বা গতিরোধ করে নদীতে বাঁধ দিয়ে মাছচাষ শুরু করেছে স্থানীয় প্রভাবশালী মহল।
যা দেখে যেন মনে হচ্ছে হিসনা নদী এখন পুকুরে পরিণত হয়েছে। ফলে নদী খননের কোনো সুফল ভোগ করতে পারছেন না নদীর তীরবর্তী সাধারণ মানুষ ও এলাকাবাসী। মাছের ঘের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিরা গণমাধ্যম কর্মীদের কাছে এগিয়ে আসেন এবং তারা ছবি তোলার কারণ জানতে চান। সংবাদকর্মী পরিচয় পেয়ে নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তবে তারা বলেন, নেট দিয়ে বাঁধ দিয়েছি কারণ নির্দিষ্ট স্থান জলাশয় ভাগ করে মাছচাষ করার জন্য। যাতে করে একজনের চাষ করা মাছ অন্য জনের দখলীয় অংশে না যেতে পারে। দৌলতপুর উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ স্বপন জানান, নদীটি ইজারা হয়েছে কিনা তা জানা নেই। যেহেতু হিসনা নদী আপনার উপজেলায়, তাই ইজারা দেয়া হলে বিষয়টি আপনার জানা উচিত ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। নদী খনন ও দখলের বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ অসন্তোষ প্রকাশ করে জানান, নদীর গভীরতা ৩০ ফুট আর প্রশস্ত হওয়ার কথা ছিল ৬৫ ফুট। বাস্তবে তা সবক্ষেত্রেই হয়েছে অর্ধেক। ফলে সুফল পেতে সমস্যায় পড়তে হচ্ছে সর্বসাধারণ ও সুফলভোগীদের। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জাব্বার বলেন, সরকারি খাল ও নদী মাছ চাষ করার জন্য জেলা থেকে বছর বছর ইজারা দেয়া হয়। হিসনা নদীটিও খননের পূর্বে ইজারা দেয়া হতো বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে কী অবস্থা তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি। হিসনা নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের দাবি, খনন করা হিসনা নদী দখলমুক্ত করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হোক।











































