Home কলাম ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে

10

-মোঃ আতিকুর রহমান মুফতি।।

১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির বদৌলতে মানবতা এক অসাধারণ সাফল্যের সক্ষমতা অর্জন করবে। বিশ্বের সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সমবন্টনের মাধ্যমে কল্যাণের দ্বার উন্মুক্ত হবে। যেখানে মানুষের সুখী এবং সম্মানজনক জীবনের নিরাপত্তা থাকবে।” তিনি আশা করেছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ সাফল্যের মাধ্যমে সম্পদের সুষম বন্টন সম্ভব হবে। এই দর্শন প্রতিফলিত হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার আহবানে।

সরকারের প্রযুক্তিবান্ধব উদ্যোগের ফলে দেশের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছে। বাংলাদেশসহ বিশ্বের মাত্র ১২টি দেশে মোবাইল ফোনের সক্রিয় গ্রাহক সংখ্যা ১০০ মিলিয়নের বেশি। ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দেয়া তথ্য অনুযায়ী দেশে সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা ১৮০.৮৭ মিলিয়ন। এছাড়া, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২৫.০২ মিলিয়ন। ২০২২ সালের ডিসেম্বরে দেশে স্থানীয়ভাবে ১৭.৫৩ লাখ মোবাইল হ্যান্ডসেট উৎপাদন হয়েছে। দেশে স্মার্ট ফোনের ব্যাপ্তি, থ্রিজি ও ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের সাথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারও ত্বরান্বিত হচ্ছে। দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহার ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে ৬৩.৫ শতাংশ বৃদ্ধি পায়। ২০২১ সালের আগস্ট মাসে দেশে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথের ব্যবহার দাঁড়ায় প্রতি সেকেন্ডে ২৬৪৯ গিগাবাইট।

ডিজিটাল অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর প্রভাবে অনুমানের চাইতে অনেক দ্রুতগতিতে বৈশ্বিক চিত্রের পরিবর্তন ঘটছে। উদ্ভাবনমুখী অর্থনীতির মূল স্তম্ভই হলো জ্ঞান সৃষ্টি এবং পণ্য উৎপাদন প্রক্রিয়ায় এর ব্যবহার। প্রযুক্তিখাতে দক্ষ জনবল তৈরি হলে স্থানীয় অর্থনীতিতে উচ্চ মজুরির কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিকল্পনা কমিশনের ২০২১ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশকে উদ্ভাবনমুখী অর্থনীতিতে উন্নীত করার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের দক্ষতা বৃদ্ধি করতে বিশ্ব ব্যাংকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) গ্রহণ করেছে। আইসিটি’র মাধ্যমে দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য সুলভ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে চার লাখ তিন হাজার ৫০৭ জন শিক্ষককে একক কন্টেন্ট শেয়ার পোর্টালের আওতায় আনা হয়েছে এবং এর মাধ্যমে শিক্ষা সম্পর্কিত দুই লাখ ৫৩ হাজার ৭৫৯ টি কন্টেন্ট সবার জন্য সহজলভ্য হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে এক লাখ ৭৭ হাজার ৬৯১টি ক্লাস নেয়া হয়েছে এবং ১০০ এর বেশি মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরী করা হয়েছে কেবল বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৭০ হাজারের বেশী মাল্টিমিডিয়া টকিং বুক, সহজগম্য বই ও অভিধানের মতো শিক্ষা উপকরণ তৈরী করা হয়েছে।

দেশের প্রান্তিক মানুষদের ডিজিটাল সেবার নিশ্চয়তা দিতে সরকারের এটুআই কর্মসূচির অধীনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫,৮৭৫টি ডিজিটাল কেন্দ্র ও বিভিন্ন সরকারি দপ্তরের ৪৬ হাজার পাঁচশ’টি ওয়েবসাইট নিয়ে জাতীয় ওয়েবপোর্টাল স্থাপন করা হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রান্তিক পর্যায়ের মানুষ ৫৫ কোটিবার নানাবিধ সরকারি ও বেসরকারি সেবা পেয়েছেন। ২০১৭ সাল থেকে আট হাজার ৫০০টি ডাকঘরকে ই-ডাকঘরে রূপান্তর করা হয়েছে। তিন হাজার ৯৫৮ টি কেন্দ্রের মাধ্যমে এক মিলিয়নের বেশি গ্রাহকের কাছে এজেন্ট ব্যাংকিং সেবা পৌছে দেয়া হয়েছে। ডিজিটাল জিটুপি পরিশোধ ব্যবস্থার মাধ্যমে দেড় মিলিয়নের বেশি নাগরিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতা পেয়েছেন। ডিজিটাল প্লাটফর্ম, যেমন: ই-চালান এবং ই-পে ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। এটুআই সার্ভিসের মাধ্যমে নাগরিকদের জন্য ই-মিউটেশন সেবা শুরু করা হয়েছে, যাতে নাগরিকরা সহজে এবং ঝামেলামুক্ত ভাবে ভূমিসেবা পেতে পারেন। এর সাথে আইসিটি ব্যবহার করে ভূমি অধিদপ্তরের কার্যক্রম উন্নত করার উদ্যোগ নেয়া হয়েছে। ৪৮৫টি উপজেলার ৪,৫৬০টি অফিস থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ নাগরিক এই ভূমিবিষয়ক সেবা পেয়ে উপকৃত হয়েছেন। এখন পর্যন্ত ন্যাশনাল সার্ভিস ডিজিটাইজেশন রোডম্যাপের অংশ হিসেবে ১,৮৫৬টি সেবা ডিজিটাল করার জন্য চিহ্নিত করা হয়েছে এবং ২০টি সরকারি সংস্থার ৬৯৫টি সেবা ডিজিটাইজ করার জন্য পরিকল্পনা করা হয়েছে।

২০১০ সাল থেকে বাংলাদেশের জিডিপিতে টেকসই ও দ্রুতগতির উন্নতি দেখা যাচ্ছে। আমরা এখন নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০১৯ সালের বিশ্ব পরিসংখ্যান রিভিউ অনুযায়ী, শ্রমঘন ম্যানুফেকচারিং খাতের প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতাসহ দেশের উদ্যোক্তারা ছয় দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশকে বিশ্বের বস্ত্র বাণিজ্যে ভিয়েতনাম ও ভারতের পরবর্তী দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। ২০৪১ সালের মধ্যে উচ্চ-আয়ের মর্যাদা অর্জন করতে হলে চলতি মূল্যে দেশের মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ছাড়িয়ে যেতে হবে, যা বর্তমান মাথাপিছু আয়ের প্রায় ছয় গুণেরও বেশি। তবে পরবর্তী ২০ বছরে অনেক দেশের মত বাংলাদেশও কর্মসংস্থানের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শিল্প ও কৃষিখাতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চক্রাকার অর্থনীতির কারণে বিদ্যমান চাকুরী সংস্থানের প্রবৃদ্ধি হুমকির মুখে পড়তে পারে। আবার আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর, উপাত্ত বিশ্লেষণ ও সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং থেকে শুরুকরে কৃষি-স্বাস্থ্য পরিচর্যাসহ নানা ধরণের বহুমুখী তৎপরতার সাথে যুক্ত হতে পারি তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক নতুন মাত্রায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পরবর্তী কয়েক দশক বার্ষিক ৯-১০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। সে লক্ষ্য অর্জনে দেশের উৎপাদনশীলতার অবদানকে বর্তমান ০.৩ শতাংশ থেকে ২০৩১ সালে ২.৫০ শতাংশ এবং ২০৪১ এ ৪.৫০ শতাংশে নিয়ে যেতে হবে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ তার সক্ষমতা দেখিয়েছে। হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আউটসোর্সিং খাতে তিন হাজারের বেশি স্থানীয় উদ্যোক্তার অংশগ্রহণে দেশের আইসিটি শিল্পের আকার বর্তমানে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। কালিয়াকৈর-এ ৩৫৫ একর জায়গার ওপর ‘বঙ্গবন্ধু হাই-টেক পার্ক’ উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। ঢাকা নগরীর কেন্দ্রস্থল জনতা টাওয়ারে স্থাপন করা হয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্ক। এছাড়া রাজশাহী ও সিলেটে দু’টি হাই-টেক পার্ক নির্মাণসহ আরো ১২টি জেলায় ১২টি আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলেছে। পার্কগুলোয় বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান তাদের ব্যবসায় পরিচালনা করছে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই পার্কে সফটওয়্যার গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনে তাদের আগ্রহ দেখিয়েছে। ‘যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ এর কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এই প্রযুক্তি শিল্পে মানবসম্পদের চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার দক্ষ পেশাজীবী তৈরির কাজ এগিয়ে নিয়েছে। এর অংশ হিসেবে সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬টি বিশেষায়িত ল্যাব স্থাপন ছাড়াও জেলা পর্যায়ে ১০টি আইটি ট্রেনিং ও ইনক্যুবেশন সেন্টার স্থাপন করেছে । যুক্তরাষ্ট্র ভিত্তিক শীর্ষস্থানীয় বিপণী কেন্দ্র “ওডেস্ক কোর” বৈশ্বিক নগরীগুলোর মধ্যে ঢাকাকে আউটসোর্সিং এর ক্ষেত্রে তৃতীয় অবস্থানে চিহ্নিত করেছে। আউটসোর্সিং কাজে দেশের প্রায় ০.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার বর্তমানে কর্মরত। বাংলাদেশ যে ডিজিটাল প্রতিশ্রুতি দিয়েছে তারই দ্যুতি চিহ্ন দেখা যায়, যখন মাত্র ৮ বছরের স্থানীয় ই-কমার্স ভেঞ্চার বিশ্বব্যাংকের বেসরকারি বিনিয়োগ শাখা থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানে সমতাভিত্তিক বিনিয়োগ পায় কিংবা তিন বছরের স্থানীয় বাইক শেয়ারিং সেবা ৪০ মিলিয়ন মার্কিন ডলারের উপরে মূল্যায়িত হয়।

বাংলাদেশ বর্তমানে বিশে^ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী ৫৭তম এবং দক্ষিণ এশিয়ায় চতুর্থ দেশ। ডিজিটাল বাংলাদেশ অর্জনের পর আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে। স্মার্ট বাংলাদেশ কেবল শতভাগ মানুষের জন্য স্মার্টফোন বা ফাইভ-জি ইন্টারনেট গতি নয় বরং স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট নাগরিক এই চার স্তম্ভ নিয়ে প্রগতির দিকে টেকসই ও কার্যকরী এক ডিজিটাল রুপান্তর। এর সুফল দেশের সকল নাগরিক সমানভাবে ভোগ করবেন। এই অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল রূপান্তরের মাধ্যমেই ২০৪১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। পিআইডি ফিচার/ লেখক- মোঃ আতিকুর রহমান মুফ্তি, সহকারী তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। সেল ফোন-০১৯৩৮৬৭৬৮২০