কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা।।
সাংবাদিককে বিয়ে করায় ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে কুমারখালীর চরসাদীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মীম খাতুন (২৩) ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের জন্য চরসাদিপুর ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা হিসেবে চেয়ারম্যান মেছের আলী খাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এর পর থেকে তিনি সেখানে কর্মরত। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঙ্গে গত ১৬ ডিসেম্বর তাঁর বিয়ে হয়। গত ২৯ ডিসেম্বর তাঁর বিয়ের খবর চেয়ারম্যান জানতে পেরে চলতি বছরের এক জানুয়ারি মীমকে মৌখিকভাবে চাকরিচ্যুত করে পরিষদ থেকে বের করে দেন।
আরও জানা যায়, মীম তাঁর চাকরি ফিরে পেতে চেয়ারম্যানকে একাধিকবার অনুরোধ করেছেন। তবু চেয়ারম্যান তাঁকে পরিষদে ঢুকতে দেননি।
মীম খাতুন বলেন, চেয়ারম্যানের সঙ্গে তাঁর পাঁচ বছরের লিখিত চুক্তি রয়েছে। হঠাৎ সাংবাদিক মিজানকে বিয়ের খবর শুনে ১ জানুয়ারি থেকে চেয়ারম্যান কোনো নোটিশ ছাড়াই তাঁকে চাকরিচ্যুত করেন। আইন অমান্য করে ও ক্ষমতার অপব্যবহার করে তাঁকে চাকরিচ্যুত করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
মীমের স্বামী সাংবাদিক মিজানুর রহমান জানান, তিনি সম্প্রতি চেয়ারম্যান মেছের আলীর বিরুদ্ধে পরিষদের ভিজিএফ চাল চুরির সংবাদ প্রকাশ করেছিলেন। সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের ছেলে ও কিছু সন্ত্রাসী তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। শত্রুতার জেরেই মূলত চেয়ারম্যান তাঁর স্ত্রীকে চাকরিচ্যুত করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ বলেন, তাঁর সমস্যা হচ্ছে, তাই তিনি মীমকে চাকরি থেকে বাদ দিয়েছেন। তাতে কার কি সমস্যা হচ্ছে? একথা বলেই তিনি কলটি কেটে দেন। পরে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, পরিষদের কোনো উদ্যোক্তাকে বাদ দিতে হলে প্রশাসনকে জানিয়ে প্রথমে শোকজ নোটিশ করতে হয়। চেয়ারম্যান ইচ্ছে করলেই এভাবে কাউকে বাদ দিতে পারেন না। দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।











































