চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাটে আসতেই চোখে পড়ে সারি সারি সাইকেল, আলমসাধু, নছিমন-করিমন ও কলসিভর্তি গুড়। একজনকে জিজ্ঞাসা করতেই বলেন, আজ সরোজগঞ্জ গুড়ের হাট। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোর থেকে শুরু হওয়া হাটে সকাল ১০টার দিকে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে গাছিরা গুড়ভর্তি মাটির কলস (ভাঁড়) নিয়ে এসেছেন। নলেন গুড়ের গন্ধে চারদিকে ম-ম করছে।
ক্রেতা (মূলত গুড় ব্যাপারী) হাতে থাকা লোহার শিক দিয়ে গুড় ও পাটালি ভেঙে মুখে পুরে পরীক্ষা করছেন। দরদাম ঠিক হলেই গুড়ের কলসগুলো মাঠের একপাশে নিয়ে ওজন করে সাজানো হচ্ছে। ওজন করার পর প্রতিটি কলসের গায়ে সাংকেতিক চিহ্ন দেওয়া হচ্ছে। এখানকার খেজুর গুড়ের সুনাম সারাদেশে। এমনকি বিদেশেও রফতানি হয়। চুয়াডাঙ্গার খেজুরের গুড় ও নলেন পাটালির সুখ্যাতি আছে। স্বাদে-গন্ধেও অতুলনীয়। খেজুর গুড় ও নলেন পাটালি বেচাকেনাকে কেন্দ্র করে এখন জমজমাট ঐতিহ্যবাহী সরোজগঞ্জ সাপ্তাহিক শুক্রবার ও সোমবারের হাট।
হাটের দিন এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ব্যাপারীসহ হাজারো ক্রেতা-বিক্রেতা। ফলে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ চুয়াডাঙ্গার সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। বিগত বছরগুলোর মতো গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। বেচাকেনার জন্য এ হাটের ঐতিহ্য কয়েকশ’ বছরের।
জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে এ হাট। সপ্তাহে শুক্রবার ও সোমবার এ হাটে ফজরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। গত মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় দুই কোটি টাকার গুড় বেচাকেনা হলেও চলতি মৌসুমে বছর গুড়ের দাম বেশি হওয়ায় সপ্তাহে প্রায় আড়াই কোটি টাকার গুড় ও পাটালি বেচাকেনা হচ্ছে বলে জানান পাইকারি ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে খেজুরের গুড় বেচাকেনা হয় এ হাটে। মৌসুমের প্রায় পুরোটা সময় হাজারো ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে হাট। চুয়াডাঙ্গা সদরের বেলগাছি গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে আলাউদ্দীন বিশ্বাস জানান, এবার তিনি ২০০ গাছ কেটে রস সংগ্রহ করেছেন। এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য মাসিক বেতনে একই গ্রামের সাইফুল গাছিকে কাজে রেখেছেন। এ মৌসুমে তিনি প্রায় সাড়ে চার লাখ টাকার পাটালি ও গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। সব খরচ বাদ দিয়ে তার দেড় থেকে দুই লাখ টাকা আয় হবে।
সরোজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি এম আবদুল্লাহ শেখ জানান, এ হাট থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় গুড়। চলতি মৌসুমে প্রতি হাটের দিন গড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার কলসি (বড় ভাঁড়) খেজুর গুড় বিক্রি হচ্ছে। এর মূল্য প্রায় এক কোটি টাকা।
তিনি দাবি করেন, সরোজগঞ্জ হাটে বিক্রি হওয়া বেশিরভাগ গুড়ই এলাকার কৃষকেরা বাড়িতে যত্নের সঙ্গে তৈরি করেন। এতে চিনি বা রাসায়নিক কিছু নেই। কিছুটা খয়েরি রঙের হলেও এসব গুড় পুরোটাই খাঁটি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, গত মৌসুমের তুলনায় চলিত মৌসুমে জেলার চার উপজেলায় ১৬ হাজার নতুন খেজুর গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করছেন। এবারের মৌসুমে জেলায় দুই লাখ ৬৬ হাজারের মতো খেজুরগাছ থেকে গাছিরা রস আহরণ (সংগ্রহ) করছেন। এর প্রায় অর্ধেকই সদর উপজেলায়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে গুড়ের মৌসুম। এ মৌসুমে গড়ে আড়াই হাজার মেট্রিক টন গুড় উৎপাদিত হবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুভাস চন্দ্র জানান, মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে ১০ কেজি গুড় পাওয়া যায়। সে হিসাবে চলতি মৌসুমে গড়ে আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন গুড় উৎপাদিত হবে।











































