স্টাফ রিপোর্টার।।
আয় বহির্ভূত সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার শাহজাহান আলী গাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তদন্তে ব্যাংকে নগদ অর্থ জমা, প্রচুর জমি ক্রয়, একাধিক বাড়ি নির্মাণ, বিলাসবহুল গাড়ি, আদম ব্যবসায় অর্থ লগ্নির অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
সূত্রে জানা গেছে, মো. শাহজাহান আলী সাব-রেজিস্ট্রার হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছেন। চাকরিকালীন তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। মো. শাহজাহানের জন্মস্থান খুলনা জেলার কয়রা উপজেলার জায়গীরমহল গ্রামে। থাকেন নিরালা আবাসিক এলাকার ইরাশা ভিলায়। চারতলাবিশিষ্ট ভবনটি আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর।
শাহজাহান আলীর নামে নগরীর শিপইয়ার্ড এলাকার আলতাপ হোসেন সড়কের ডাক্তার বাড়ি গলিতেও দুইতলাবিশিষ্ট বাড়ি রয়েছে। এ ছাড়াও বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট কৃষ্ণনগর ফাতেমা বাগ এলাকার পেট্রোল পাম্পের পেছনে বাড়ি করার উপযোগী ৪ কাঠা ও ২ কাঠার আলাদা দু’টি প্লট রয়েছে। এর বাইরে নগরীর কাস্টমস ঘাট এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় দুই কাঠা জমির প্লট এবং সিটি বাইপাস রোডের মোস্তর মোড় এলাকায় প্রায় দুই বিঘা জমি রয়েছে পরিবারের নামে।
মামলার এজাহারে তার বিরুদ্ধে দুদকে এক কোটি ৩১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। দুদক থেকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ প্রদান করলে তিনি এই অর্থের পরিমাণ সম্পদ গোপন করেন। দুদকের এজাহারে মিথ্যা তথ্য প্রদান এবং ১ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে মো. শাহজাহান ২০২০ সালের ১৫ই ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।
সেখানে তিনি মোট এক কোটি ২১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু যাচাই করে তার আরও স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মামলাটি তদন্তকালে অভিযোগের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক মো. আল আমিন বলেছেন, বৈধ আয় বহির্ভূত সম্পদ তিনি তার বিবরণীতে উল্লেখ করেননি; এটা প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। সে কারণে মামলা করা হয়েছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পেলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে











































