ঢাকা অফিস।।
আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকায় জিএম কাদেরের পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের মতামত ও সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৪ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নিজেই রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।তবে এই ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমাদের কো-চেয়ারম্যানদের কোনও বৈঠক হয়নি। আর দলীয়ভাবে উনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়নি, করার সুযোগও নেই। এর আগে, সকালে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে দেওয়া হাইকোর্টের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এদিকে, নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।











































