সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা জামায়াতের পশ্চিম শাখার সাবেক আমীর ও কুশখালি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার ও সদর উপজেলার ঘোনা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল ওয়াদুদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) আদালতে পাঠানো প্রতিবেদনে জানা যায়, গত ২ সেপ্টেম্বর নাশকতার পরিকল্পনাকালে সদর থানার দায়েরকৃত ৭ নং বিচারাধীন মামলায় তাদেরকে কুশখালি ইউনিয়ন পরিষদ এলাকা ও ঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল গফফার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও আব্দুল ওয়াদুদ একই উপজেলার ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন জানান, গ্রেফতারকৃত আব্দুল গফফার ও আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা তৎসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারার অভিযোগ রয়েছে। তাদেরকে বুধবার বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকালে আদালত চত্বরে ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার জানান, তাকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুশখালি ইউনিয়ন পরিষদে সরকারি কাজ করাকালিন পুলিশ গ্রেফতার করে। মাওলানা আব্দুল ওয়াদুদ জানান, তাকে বুধবার ভোর তিনটার সময় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।











































