বিনোদন ডেস্ক||
নায়িকা হিসেবে রুপালি পর্দায় অভিষেকের অপেক্ষা যেন আর সহ্য হচ্ছে না নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তীর। ভেবেছিলেন চলতি বছরেই হয়তো সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু আপাতত তা আর হচ্ছে না। নিজের অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে আগামী বছর ভালোবাসা দিবসে। এমনটাই জানালেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। মন্দিরা জানান, এখনো আরও আনুষঙ্গিক কিছু কাজ রয়ে গেছে।
যে কারণে সিনেমাটি সেন্সরের জন্য জমা দিতে সময় লাগছে। সব কাজ শেষ করার পর দ্রুতই সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে। মন্দিরা চক্রবর্ত্তী বলেন, ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয়ের আগে এবং পরে আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু আমাকে ‘কাজল রেখা’ সিনেমার গল্প এবং কাজল রেখা চরিত্রটিই বেশি টেনেছিল। যে কারণে এই সিনেমাতেই অভিনয় করেছি। সিনেমাতে অভিনয়ের জন্য আমাকে যতটা শ্রম দেওয়ার দরকার, কষ্ট করার দরকার- আমি করেছি।
সেলিম ভাই আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছেন, আমি নিজের মধ্যে তা লালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু এটা আমার প্রথম সিনেমা, তাই আমার জন্যও এটি বেশ চ্যালেঞ্জিং ছিল। পরিচালকসহ পুরো ইউনিট, সহশিল্পীরা আমাকে সহযোগিতা করেছেন। নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে সহশিল্পীদেরও ভূমিকা অনেক। যেহেতু গল্পটা অনেক আগের। তাই সেই আগের সময়টাকে ধরার চেষ্টা করা হয়েছে। ডাবিংয়ের সময় আমি অনেক দৃশ্য দেখে নিজেই মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতার রেশ দর্শকের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আমার বিশ^াস। সিনেমা হলে যখন মুক্তি পাবে দর্শক তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন, এমনটাই আমার আশা।
এদিকে ‘কাজল রেখা’ মুক্তির আগে আপাতত আর নতুন তেমন কোনো কাজও করছেন না মন্দিরা। এই সিনেমার ওপরই নির্ভর করছে তার আগামী দিনের পথচলা। মন্দিরা চক্রবর্ত্তী বিশ^কাপ ফুটবল খেলায় আর্জেন্টিনার সাপোর্টার। তিনি বেশ কিছুদিন কাতার গিয়ে সরাসরি ফুটবল খেলা উপভোগ করে এসেছেন। তার বিশ^াস আর্জেন্টিনার ঘরেই যাবে এবারের বিশ্বকাপ। মন্দিরা চক্রবর্ত্তী নৃত্যে বিশেষভাবে পারদর্শী। যে কারণে নাচের প্রতি রয়েছে তার অপরিসীম ভালোবাসা। মোশাররফ করিমের বিপরীতে চ্যানেল আইতে প্রচারিত ‘শুকনো পাতার নূপুর’ ধারাবাহিকটি তার অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক।











































