সাতক্ষীরা প্রতিনিধি ||
ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সীমাহীন অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন আলীর বিরুদ্ধে। ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ এবং দালাল ছাড়া কোনো কাজ হয় না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, বাঁশদহা ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমিকর্তা মহাসিন আলী অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন। বাংলাদেশ সরকার ভূমির খারিজের ফি ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করলেও তিনি ৬ হাজার টাকা নির্ধারণ করেছেন। আর কাগজপত্রে ত্রুটি থাকলে তিনি পাঁচগুণ পর্যন্ত টাকা আদায় করেন।
চূড়ান্ত ডিএস খতিয়ান আসার পরও দাগে সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে নিজে এবং দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করেন মহাসীন আলী। কেউ টাকা না দিলে তিনি কোনো কাজই করেন না এবং কাগজপত্র আলমারিতে তালাবদ্ধ করে রাখেন। খাজনার চেকের জন্য তিনি কয়েকগুন টাকা নিয়ে থাকেন।
ভিপি জমির নামজারির জন্য তিনি মোটা অংকের টাকা দাবী করেন মহাসিন আলী। এছাড়াও ১৫০ ধারা ও ১৪৫ ধারায় আদালতে দায়েরকৃত মামলার রিপোর্ট বাবদ তিনি ইচ্ছামতো টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে বিপক্ষে রিপোর্ট দেওয়ার হুমকি দেন।
এছাড়া বাজারের পেরীফেরী জমিতে কেউ পাকা স্থাপনা নির্মাণ করতে চাইলে তারা গোপনে নায়েবের সঙ্গে যোগাযোগ করেন এবং নায়েব মোটা অংকের টাকা নিয়ে পেরীফেরি জমিতে পাকা স্থাপনা নির্মাণের সুযোগ করে দেন।

সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত মানিক সরদারের ছেলে মোহর আলী বলেন, ‘গত ১৬ নভেম্বর আমি জমির খাজনা দিতে গেলে আমার কাছে অনেক টাকা দাবি করা হয়। পরে আমি অনেক আকুতি মিনতি করলে তিনি আমার কাছ থেকে ২হাজার ৯০০ টাকা গ্রহণ করেন এবং দুটি রশিদ প্রদান করেন। একটা রশিদে মোট আদায় লেখা ছিল ৬৬৪ টাকা এবং অন্য রশিদে লেখা ছিল ১৪৬৫ টাকা। অর্থাৎ ২১২৯ টাকার রশিদ দিয়ে মহাসীন আলী আমার কাছ থেকে নিয়েছেন ২৯০০ টাকা।’
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহার রেউই বাজারের ব্যবসায়ী অহেদ আলী বলেন, ‘আমি খাজনা কাটতে গেলে তিনি আমার কাছে ২ হাজার টাকা দাবি করেন। আমি কম টাকা দিতে চাইলে তিনি আমাকে কয়েকদিন ঘোরান। তারপর বলেন, আমি এতো পরিশ্রম করছি, তাছাড়া অনলাইনেরও খরচ আছে। ২ হাজার টাকা না দিলে হবে না। তারপর আমি এক মাধ্যমে কথা বলে ১০১০ টাকা তাকে দেই। তখন তিনি আমাকে ৯০৬ টাকার একটি রশিদ দেন। নায়েব এখানে যোগদান করার পর থেকে দুর্নীতি করে চলেছেন। তার কারণে আমরা অতিষ্ঠ।’
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে এমন হয়রানী আমার এলাকার মানুষ আর হয়েছেন বলে মনে হয়নি। এই নায়েব যোগদানের পর থেকে সাধারণ মানুষ নানাভাবে হয়রানী হচ্ছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে ভূমি কর্মকর্তা (নায়েব) মহাসিন আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সত্য নয়।’
সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, ‘সরকারি নির্দেশনার বাইরে এক টাকা নেওয়ার কোনো বিধান নেই। যদি তিনি সরকারি নির্দেশনার বাইরে কিছু করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’











































