ঢাকা অফিস।।
ঘূর্ণিঝড় মানদৌসের প্রভাব কেটে গিয়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ কুয়াশা ও শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন : যুগপৎ আন্দোলনে বিএনপি, পাশে রয়েছে ৩৩ দল
তবে আগামী দুদিনের পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষদিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন : ১০ কোটি টাকা মূল্যের জমির দলিল জালিয়াতি, ভূমি কর্মকর্তা কারাগারে
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।











































