ঢাকা অফিস।।
তারেক জিয়ার নির্দেশে বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মহানগর উত্তর ছাত্রলীগের আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি বলেছিলেন ডিসেম্বর মাস বিএনপির। ১৯৭১ সালে ইয়াহিয়াও ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর মাস পাকিস্তানের। তবে সে মাসেই পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হয়েছিল। মির্জা ফখরুল আপনার তো কিছু করার নেই। আপনি তারেক রহমানের নির্দেশ পালন করছেন। সকালে এক নির্দেশ, বিকেলে আরেক নির্দেশ, সেই নির্দেশে আপনি উল্টাপাল্টা বলছেন।’
তিনি আরও বলেন, ২০০১ সালে টেলিভিশনে ঘোষণা আসল বিএনপি ক্ষমতায় আসছে। সেদিন রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, মেয়েদের ধর্ষণ, বাড়ি বাড়িতে আগুন দিয়েছিল বিএনপি। তবে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করলে খালেদা জিয়া জেলখানার বাহিরে থাকত না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও জানান, ২০০৪ সালের ২১ আগস্ট তারেক জিয়া হাওয়া ভবনে বসে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। সেদিন বিএনপির গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা গিয়েছিলেন। শেখ হাসিনার মাইক বন্ধ করে দিয়েছিলেন। সেদিন খালেদা জিয়ার উচিত ছিল সহানুভূতি জানানোর কিন্তু জানালেন না। উল্টো উপহাস করে বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আরও অনেকে।











































