লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে আছিয়া বেগম (২২) নামের এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামী রনি পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নড়াইল সদরের শড়াতলা গ্রামের লিটু শেখের ছেলে রনি শেখের সাথে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয়। রনির সঙ্গে অন্য মেয়ের প্রেমের কারণে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে শুক্রবার দুপুরে রনি নিজ ঘরে আছিয়াকে গলা কেটে হত্যা করে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা জানালা দিয়ে আগুন দেখে চিৎকার করে এবং আগুন নেভাতে এসে বিছানায় আছিয়ার মৃতদেহ দেখতে পায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে রনি তার স্ত্রীকে পরিকল্পিতভাবে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











































