Home আঞ্চলিক বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি...

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি থর ফ্রেন্ড

10

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি থর ফ্রেন্ড। সোমবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। বিকেল ৩টা থেকে জাহাজটি এ মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
বিদেশী জাহাজ এম,ভি থর ফ্রেন্ড’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মোঃ মাহাবুব আলম হিরো জানান, গত ২০ সেপ্টেম্বর জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে এই মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর ১০ অক্টোবর মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এতে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারী পণ্য এসেছে। ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্টিক টন ওজনের মালামাল এসেছে জাহাজটিতে। তিনি বলেন, সোমবার বিকেল ৩টা থেকে এ পণ্য খালাসের কাজ শুরু করেন স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স। পরে খালাসকৃত এ মালামাল নদী পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতুস্থলে নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ বলেন, মঙ্গলবারও এই একই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘হোসাই ক্রাউন’ নামের আরো একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্টিক টন মেশিনারী পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়েই খালাস হয়েছে বলেও জানান তিনি। #