খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ১৯ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১২টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দার জিৎ সাগর। সাক্ষাতকালে সহকারী হাইকমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর পক্ষ থেকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্যও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন।
সহকারী হাইকমিশনার বাংলাদেশের সাথে ভারতের চমৎকার দ্বি-পাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা উল্লেখ করেন। দু’দেশের মধ্যে শিক্ষা-গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে যাতে করে উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মোংলা বন্দরের সাথে রেলসংযোগ স্থাপনের ফলে এই বন্দরটি আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তির কথাও তিনি ব্যক্ত করেন।
উপাচার্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম গ্রহণ/সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্প্রতি এ ধরনের উদ্যোগ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন। উপাচার্য বলেন, শিক্ষক-ছাত্র এক্সচেঞ্জ ছাড়াও বিশেষজ্ঞ পর্যায়ে দু’দেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা হতে পারে। এ বিষয়ে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা ব্যক্ত করেন। এছাড়াও উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের ভারতে চিকিৎসা, পর্যটন, কনফারেন্স, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্দেশ্যে গমনে ভিসা প্রাপ্তির সহজীকরণের বিষয় নিয়ে আলাপ করেন। এ ব্যাপারে সহকারী হাইকমিশনার তাঁর পক্ষ থেকে যথাসম্ভব সহায়তার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা এসময় উপস্থিত ছিলেন।
খুবিতে সিজেডএম’র জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান
অসচ্ছল শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ : উপাচার্য
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, অসচ্ছল শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ। এর ইতিবাচক প্রভাব দীর্ঘদিন ধরে সমাজে প্রতিভাত হয়। স্বার্থ ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান মানুষের পাশে দাঁড়াতে পারে সিজেডএম তার একটি প্রতিচ্ছবি। বিদেশি সাহায্য-সহযোগিতা ছাড়া যে কিছু করা যায়, এটি তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। এই প্রতিষ্ঠান থেকে উপকারভোগীদের ইতিবাচক মানসিকতা তৈরি হবে, যাতে সে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে এ ধরনের সেবামূলক কাজ করতে পারে। এটা অনন্য, অসাধারণ উদ্যোগ। এটি একটি আশার আলো। তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল পিছিয়ে পড়াদের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে দানের মানসিকতা তৈরি করতে হবে। নিজেরা যদি পিছিয়ে পড়া আর্ত-মানবতার পাশে না দাঁড়াই তাহলে, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।
উপাচার্য বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার আমাদের যে অভিলক্ষ্য তা সব ধরনের ষড়যন্ত্র পেছনে ফেলে বাস্তবায়ন করতে হবে। এটি করতে হলে আমাদের আগে দক্ষ জনশক্তির প্রয়োজন। এজন্য আমাদের দেশের বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আর এই দক্ষ জনশক্তিকেই উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, এই স্কলারশিপ পেয়ে শিক্ষাজীবন শেষে যখন নিজেরা প্রতিষ্ঠিত হবে, তখন তারাও সহায়তার হাত বাড়াবে। তবেই আমাদের দেশ এগোবে, সমাজ এগোবে, জাতি মাথা তুলে দাঁড়াবে।
উপাচার্য এমন একটি আয়োজনের জন্য সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমকে স্বাগত জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সাথে সমন্বয় করে যদি আরও ভালো কিছু করা যায়, এক্ষেত্রে তিনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় থেকে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য পরে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন সিজেডএম এর ম্যানেজমেন্ট কনসালটেন্ট মো. ঈসা ফরাজী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, সিজেডএম’র বিভাগীয় অ্যাম্বাসেডর, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, গণিত ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. হায়দার আলী বিশ্বাস ও অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর শেখ শারাফাত হোসেন।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের ছাত্র মো. জুবায়ের আহমেদ ও পিংকি মন্ডল, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রাসেল হোসেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের ছাত্র মো. গাউসুল আজম।
অনুষ্ঠানে জানানো হয়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টস্ এর আওতায় খুলনা অঞ্চলের ২৯৯ জন শিক্ষার্থীদের মধ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ এবং ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এসব শিক্ষার্থীরা মনোনীত হয়ে স্কলারশিপ গ্রহণ করেন।
উপাচার্যের সাথে ভারতের আইইএন্ডইএস’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
খুবিতে যৌথ আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন ১৯-২০ অক্টোবর
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে আজ ১৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এর প্রতিনিধি দল।
সৌজন্য সাক্ষাতকালে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ আইইএন্ডইএস ও বেডস্ এর যৌথ উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগামী ১৯-২০ অক্টোবর দু’দিনব্যাপী ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর ওপর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের অগ্রগতি অবহিত করেন। একই সাথে উপাচার্যকে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি, কোষাধ্যক্ষ মিসেস শ্রেয়সী রায় ও বেডস্’র প্রধান নির্বাহী মাকসুদুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও সম্মেলন আয়োজক কমিটির ফোকালপয়েন্ট প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।











































