Home জাতীয় তুমব্রু সীমান্ত থেকে ৩০০ পরিবারকে সরানো নিয়ে আলোচনা

তুমব্রু সীমান্ত থেকে ৩০০ পরিবারকে সরানো নিয়ে আলোচনা

12

খুলনাঞ্চল রিপোর্ট।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার বাহিনীর গোলাগুলি এখনো অব্যাহত আছে। এ অবস্থায় সীমান্তে পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে ৩০০ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া যায় কি-না তা নিয়ে প্রশাসনে আলোচনা চলছে।

এ বিষয়ে রোববার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে তুমব্রু সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

সীমান্তের কাঁটাতারের বেড়াসংলগ্ন তুমব্রু, ঘুমধুম, হেডম্য্নাপাড়া, ফাত্রাঝিরি, রেজু আমতলী এলাকায় বসবাসকারী এসব পরিবারের প্রায় দেড় হাজার লোক রয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, রোববার উপজেলা প্রশাসনের উচ্চপর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, ঘুমধুম ইউনিয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। এছাড়া স্কুলগুলোতেও থাকার কোনো পরিবেশ নেই। এ পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

তবে সীমান্তঘেঁষা বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে ওই এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

এখনো সীমান্তের ওপার থেকে থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। রোববার সকালেও বেশকিছু গুলির আওয়াজ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তুমব্রুর স্থানীয় বাসিন্দা সরওয়ার ও শূন্যরেখার আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন, শুক্রবার রাতে গোলার আঘাতে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক ইকবাল (২২) মারা যাওয়ার পর সেখানে থাকা পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে রয়েছে। নতুন করে আবার আক্রমণের শিকার হতে পারে- এ আতঙ্কে রাতের বেলা অনেকেই নিরাপদ জায়গায় গিয়ে থাকেন।

এদিকে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। টহলও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন ছাড়া বহিরাগতদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দিচ্ছে না বিজিবি। সীমান্ত পরিস্থিতি উত্তপ্তের কারণে কাঁটাতারসংলগ্ন জমি ও পাহাড়ে কৃষকরা ভয়ে যেতে পারছেন না। চাষ করা জমিগুলোতে পরিচর্যা করতে পারছেন না তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ সকালে জরুরি একটি বৈঠক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারী লোকজনদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে শনিবারও জরুরি একটি বৈঠক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।