শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল সাগর। বঙ্গোপসাগরসহ দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে হালকা ঝড়োহাওয়া বইছে। এমন পরিস্থিতিতে জেলেদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শনিবার বিকাল থেকে আবহাওয়া পুনরায় খারাপ হওয়ায় শরণখোলাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার ট্রলার সুন্দরবনের ছোট নদী-খাল ও উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মৎস্যজীবী সংগঠনের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত সপ্তাহের বৈরী আবহাওয়ায় লোকসানের পাল্লা ভারি হচ্ছে ট্রলার মালিক ও মহাজনদের। প্রতিটি ট্রলারে নতুন করে আবার দুই থেকে আড়াই লাখ টাকার বিনিয়োগ করতে হয়েছে মহাজনদের। কিন্তু জাল ফেলতে না ফেলতেই প্রবল ঝড়-জলোচ্ছ্বাসে আবারও সাগর ফুঁসে ওঠে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, একের পর এক দুর্যোগ আমাদের নিঃস্ব করে দিয়েছে। টলার মালিক-মহাজন ও আড়তদাররা দেনা আর লোকসানে পড়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেকের। এ অবস্থায় আমাদের এবার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না।
তিনি আরও বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞার পর চতুর্থ ট্রিপ চলছে। এর মধ্যে প্রথম ট্রিপে সাগর স্বাভাবিক ছিল। কিন্তু বাকি তিন ট্রিপই দুর্যোগে ইলিশ আহরণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ জেলে শ্রমিক পরিবারেও হাহাকার চলছে। সরকার আমাদের সহযোগিতা না করলে আগামীতে ইলিশের ব্যবসা করা কোনোভাবেই সম্ভব হবে না।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন বলেন, ঝড়ের কবলে পড়ে বর্তমানে সাগর থেকে সব ট্রলার উঠে এসেছে। কয়েক হাজার ফিশিং ট্রলার সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর, ছোট ভেদাখালী, বড় ভেদাখালী, অফিস কিল্লা, মাইটের খাল, কচিখালী এবং কলাপাড়ার নিদ্র ছখিনা ও মহিপুর এলাকায় অবস্থান করছে। তবে এবার কোনো ট্রলার তাদের ঘাটে ফিরে না এসে সাগরের কাছাকাছি নিরাপদ স্থানে রয়েছে। দুর্যোগ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে দ্রুত সাগরে নামতে পারে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার মজুমদার মুঠোফোনে বলেন, প্রবল ঝড়োবাতাসে সাগরে প্রচণ্ড ঢেউ হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত আমাদের অফিসের আশপাশের বিভিন্ন খালে কয়েকশ ট্রলার আশ্রয় নিয়েছে। এছাড়া অন্যান্য এলাকার খালেও শত শত ট্রলার রয়েছে। আশ্রয় নেওয়া এসব ট্রলার ও জেলেদের যতটা সম্ভব খোঁজখবর নেওয়া হচ্ছে।











































