Home আঞ্চলিক মরার আগে দুই কিলোমিটার রাস্তা ‘পাকা’ দেখতে চান শতবর্ষী বিমলা

মরার আগে দুই কিলোমিটার রাস্তা ‘পাকা’ দেখতে চান শতবর্ষী বিমলা

10

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সদর উপজেলার গাওখালী গ্রামের শতবর্ষী বৃদ্ধা বিমলা সাহা জীবদ্দশায় দেখতে পারবেন কি পাকা রাস্তা। সরকার আসে, সরকার যায়। কিন্তু মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে দুর্ভোগ কমছে না গ্রামবাসীর। সারাজীবন স্বপ্ন দেখে আসছেন একটি পাকা রাস্তা হবে। কিন্তু আজও স্বপ্ন পূরণ হয়নি বিমলার। জীবনের পড়ন্ত বেলায় এসেও এক সমুদ্র দুঃখ তার মনে। নিজেদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই নারী।

জানা গেছে, স্বাধীনতার পর থেকেই যোগাযোগ-সুবিধা বঞ্চিত সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গাবরখালী গ্রাম। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের নেই কোনো পাকা রাস্তা। রিকশা বা ভ্যান দূরে থাক, সাইকেলেও চলাচল করা যায় না রাস্তাটি দিয়ে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হওয়ায় কাদা-পানিতে একাকার হয়ে আছে রাস্তাটি। গাঁওখালী-রঘুনাথপুর হয়ে মূল সড়কে আসার জন্য মধ্যবর্তী এই দুই কিলোমিটার রাস্তা দুই দশক আগে ইটের সলিং দিয়ে তৈরি করা হয়। কিন্তু রাস্তার বেশিরভাগ ইট উঠে গেছে। এতে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। আর যে অংশে ইটের সলিং, তা আস্তে আস্তে উঠে কাদায় পরিণত হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধ ও রাস্তা বৃষ্টি আর জোয়ারের পানি বাড়লেই তলিয়ে যায়। ভেসে যায় পুকুর ও ঘেরের মাছ। পথচারীদের চলাচলে ভোগান্তির শেষ নেই।

বিদ্যালয়গামী শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেশি। গাওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, স্কুলে যেতে হলে ভিজে যেতে হয়। কাদায় স্লিপ করে পড়ে যাই অনেক সময়। এভাবে স্কুলে যেতে আমাদের আর ভালো লাগে না।

 

পূর্ণিমা নামে অপর এক শিক্ষার্থী বলেন, কালকেও আমাদের দুইটা বন্ধু পানির মধ্যে পড়ে গেছে। হাঁটু সমান পানির মধ্যে দিয়ে আসতে আমাদের খুব ভয় লাগে।

কালা সাহা নামের এক অভিভাবক বলেন, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কাদায় পড়ে না পানিতে ডুবে। জোয়ারে রাস্তায় অনেক স্রোতও হয়। বড়রাই ঠিকভাবে চলতে পারে না, সেখানে ছোট বাচ্চারা কীভাবে চলবে।

গাওখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিত্তরঞ্জন সাহা বলেন, কাদা-মাটির রাস্তার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব কষ্ট হয়। রাস্তাঘাট খারাপ হওয়ায় অনেকেই বিদ্যালয়ে আসতে চায় না। এতে শিক্ষার্থীদের পড়ালেখা দারুণভাবে ব্যাহত হচ্ছে।

গৃহিণী রিক্তা বৈরাগী বলেন, বৃষ্টি-জোয়ারে জল উঠে সব তলায়ে যায়। রান্নার চুলাও ডুবে যায়। তখন পরিবার নিয়ে না খেয়ে থাকা লাগে। একটা রাস্তা কি আমাদের কোনোদিন হবে না?

 

স্থানীয় ৯ নং ওয়ার্ডের (গাওখালী) ইউপি সদস্য ইলিয়াস বালি বলেন, গ্রামের মধ্যের দুই কিলোমিটার রাস্তার কিছু জায়গার ইট উঠে মাটি বের হয়ে গেছে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার করা হয়নি। বৃষ্টি বা জোয়ারে যাতায়াতে সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।

স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত সমস্যা নিয়ে এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি আমাদের জানায়নি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।