খবর বিজ্ঞপ্তি।।
বিশ্বের মর্যাদাপূর্ণ খ্যাতনামা প্রকাশনা সংস্থা Springer থেকে Non-Wood Forest Products of Asia Knowledge, Conservation, Livelihood শিরোনামে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সম্পাদিত একটি যৌথ গবেষণা গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ গ্রন্থের অন্য দু’জন সম্পাদক হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
প্রকাশিত বইটিতে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ Non-Wood Forest Products এর ব্যপ্তি, ব্যবহার, গুরুত্ব, সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এই গবেষণা-গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ২৬৮, চ্যাপ্টার রয়েছে ১১টি, যেখানে এশিয়ার অকাষ্ঠল বিভিন্ন প্রকার বনজ সম্পদের তথ্য, উৎপন্ন বিভিন্ন দ্রব্যাদি ও তার ব্যবহার, নির্ভরশীল জনগোষ্ঠী, অর্থনৈতিক গুরুত্ব, কর্মসংস্থান, প্রকৃতি সংরক্ষণে ভূমিকা, আবহাওয়া ও জলবায়ুর ওপর তার প্রভাবসহ বিভিন্ন ঝুঁকি নিরূপণ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য-উপাত্ত রয়েছে।
গ্রন্থটির চ্যাপ্টার-৫ এ ÔNon-Wood Forest Products of the Sundarbans, Bangladesh: The Context of Management, Conservation and LivelihoodÕ (নন-উড ফরেস্ট প্রডাক্টস অব দ্য সুন্দরবনস, বাংলাদেশ: দ্য কনটেক্সট অব ম্যানেজমেন্ট, কনজারভেশন এন্ড লিভলিহুড) শিরোনামে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে। এই চ্যাপ্টারে মূলত সুন্দরবনের অকাষ্ঠল উদ্ভিদ শ্রেণি ও তা থেকে আহরিত বনজ দ্রব্যাদি ছাড়াও এর নানা দিকে আলোকপাত করা হয়েছে। সুন্দরবন থেকে আহরিত গোলপাতা, শন, লতা-গুল্ম, মধু, মম জাতীয় দ্রব্যাদির ১৯৯১-৯২ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত তথ্য-উপাত্ত লেখচিত্র সহকারে উপস্থাপন করা হয়েছে। পৃথকভাবে উল্লেখ করা হয়েছে শুটকি মাছ আহরণের ২০০১-০২ থেকে ২০১৮-১৯ অর্থবছরের তথ্য। একইভাবে রয়েছে চিংড়ি-কাঁকড়া, শামুক জাতীয় সম্পদের আহরণের পরিসংখ্যান। তুলনামূলক আলোচনায় উঠে এসেছে এসব দ্রব্যাদির আর্থ-সামাজিক গুরুত্ব এবং সময়ের সাথে, জলবায়ু পরিবর্তনের সাথে উৎপাদনের প্রভাব। সুন্দরবন থেকে রাজস্ব আয়ের একটি চিত্রও তুলে ধরা হয়েছে। সুন্দরবনের ঔষধিবৃক্ষ, লতা-গুল্মের গুরুত্ব স্থান পেয়েছে। কেবল বনজ দ্রব্যাদি নয়, তা আহরণে ব্যবহৃত সামগ্রী, ব্যবস্থাপনা, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর তথ্য ও উপাত্তও তুলে ধরা হয়েছে এ গ্রন্থটিতে। প্রাসঙ্গিকভাবে সুন্দরবনের প্রাণি ও প্রজাতিভিত্তিক উদ্ভিদের কথাও উল্লেখ করা হয়েছে।
সুন্দরবন থেকে মাত্রাতিরিক্ত সম্পদ আহরণের নেতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন সময়ে সুন্দরবনের ওপর প্রাকৃতিক দুর্যোগের থাবা, লবণাক্ততা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়েও গবেষণাধর্মী তথ্য-উপাত্ত সন্নিবেশ করা হয়েছে। একই সাথে মাত্রাতিরিক্ত সম্পদ আহরণে জীববৈচিত্রের ওপর ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনের নানাদিকে আলোকপাত শেষে এ চ্যাপ্টারে গবেষক নিবন্ধের সমাপনী টেনে কিছু সুপারিশও করেছেন। একাডেমিক ক্ষেত্রে এবং গবেষক-পাঠকের জন্য গ্রন্থটি তথ্যসমৃদ্ধ ও উচ্চমানসম্পন্ন। এটি রেফারেন্স বুক হিসেবে, অধিকতর বহুমুখী গবেষণার ক্ষেত্রে গবেষক ও তথ্যানুসন্ধানীদের প্রভূত উপাকারে আসবে বলে গ্রন্থটির মুখবন্ধে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে খুবির জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ে আলোচনা: নিজেরাও জ্বালানি তেল ব্যবহারের সিলিং কমালেন উপাচার্য ও উপ-উপাচার্য
সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বর্ধিত ব্যয় সাশ্রয়সহ কয়েকটি বিষয় নিয়ে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে ব্যয় চিত্র তুলে ধরা হয়। এসময় একাডেমিক কার্যত্রম অব্যাহত রেখে বিভিন্ন রুটে বিভিন্ন সময়ে চলাচলকারী যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করে ৫টি ট্রিপের স্থলে ২টি ট্রিপ কমানোসহ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনাকালে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারের জন্য নির্ধারিত যে জ্বালানি তেলের সিলিং রয়েছে তা থেকে ২০ শতাংশ কমানোর ব্যাপারে স্বপ্রণোদিত সিদ্ধান্ত নেন উপাচার্য ও উপ-উপাচার্য। এছাড়া অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করা এবং অফিস ত্যাগের সময় এসি, ফ্যান, লাইটের সুইচ বন্ধ আছে কিনা তা পর্যবেক্ষণের জন্য অনুরোধ জানানো হয়।
খুবির ড্রইং এন্ড পেইন্টিং এবং ভাস্কর্য ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা : আমাদের শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য অন্তর্ভুক্ত করেই কারিকুলা বিশ্বমানের করতে হবে : উপাচার্য
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে ড্রইং এন্ড পেইন্টিং এবং ভাস্কর্য ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, সময়ের সাথে সব কিছুরই বিবর্তন ঘটে। বৈশ্বিক পরিবর্তীত পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন ঘটছে। নতুন নতুন ভাবনা যুক্ত হচ্ছে। তবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক বৈচিত্র্য ধারণ করবো ঠিকই কিন্তু তা আমাদের নিজস্ব শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিলীন করে নয়। তা অন্তর্ভুক্ত করেই কারিকুলা প্রণয়ন করতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য দেশের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ওবিই কারিকুলা প্রণয়নে অগ্রণী অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রিসার্চ স্ট্র্যাটেজি প্ল্যান অনুমোদন করা হয়েছে। রিসার্চ এডভাইজরি কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনে গবেষণা কার্যক্রমকে জোরদারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপাচার্য বলেন, ওবিই কারিকুলা প্রণয়ন করলেই চলবে না, তা যথাযথভাবে বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। সীমাবদ্ধতা সত্ত্বেও চারুকলা স্কুলের অধীন ৩টি ডিসিপ্লিনের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. ঢালী আল মামুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরামিক ও ভাস্কর্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার। সভাপতিত্ব করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক রকিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শেখ সাদী ভূঁইয়া।
এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির এমসিজে ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা : শিক্ষকদের পাণ্ডিত্য, গবেষণা ও ব্যক্তিত্ব শিক্ষার্থীরা অনুসরণ করে : উপাচার্য
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) এর গাইডলাইন অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিসিপ্লিনে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের জন্য কোর্স কারিকুলা প্রণীত হচ্ছে। ডিসিপ্লিনসমূহের মধ্যে এবার আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের তৈরিকৃত এ কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মূল উদ্দেশ্য হলো আদর্শ মানুষ ও দক্ষ জনশক্তি তৈরি করা। সীমাবদ্ধতার মধ্যেও খুলনা বিশ্ববিদ্যালয় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওবিই কারিকুলা প্রণয়নের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এবং এখনাকার গ্র্যাজুয়েটরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করে যেকোনো স্থানে মাথা উঁচু করে কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষক কখনো মাথা নিচু করে চলতে পারেন না। তিনি সবসময়ই মাথা উচু করে চলবেন; এটাই প্রত্যাশিত। মনে রাখতে হবে শিক্ষকদের পাণ্ডিত্য, গবেষণা ও ব্যক্তিত্ব শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে এবং নিজেদের ভিতর তা ধারণ করে। তাই ক্লাসে যাওয়ার আগে শিক্ষকদের সেভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের নবীন শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে ওবিই কারিকুলা চূড়ান্ত পর্যায়ে উপনীত করেছেন তার জন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেনম, এই ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এখানকার শিক্ষার্থীরা সকল মিডিয়াতে বিচরণ করবে এবং জনমত গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের একটি শব্দের ভুল ব্যবহারের জন্য দেশ ও সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আবার একটি উপযোগী শব্দের জন্য অনেক সমস্যা নিরসন ও দিকনির্দেশনা তৈরি হতে পারে। তিনি হলুদ সাংবাদিকতার ক্ষতিকর দিক সম্পর্কেও তুলে ধরেন। তিনি এই কারিকুলা প্রণয়নকাজে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য বিশেষজ্ঞ সদস্যদেরও ধন্যবাদ জানান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মানসুর আহমেদ এবং ইউজিসির আইকিউএসি এক্সপার্ট ও পিয়ার রিভিউয়ার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী।
সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মামুনুর রশীদ। প্রণীত ওবিই কারিকুলা’র বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সারা মোনামী হোসেন।
এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট, আসন সংখ্যা প্রায় ৫ হাজার
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
‘বি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) রোল নং ৩৩১৬৮৬ থেকে ৩৩৬৬৪৭ পর্যন্ত মোচ ৪ হাজার ৯৬২ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।











































