বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামে পারিবারিক কলহের জের ধরে পারুল খাতুন (৪২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী মতিয়ার রহমান। বুধবার ভোর রাতে উপজেলার চাঁদবা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ঘাতক স্বামী মতিউর রহমান পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের মধ্যে হযরত আলী জানান, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও সংসারের খুটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। এরপর স্বামী মতিয়ার রহমান উত্তেজিত হয়ে তার স্ত্রী পারুলের মাথায় আঘাত করে। এতে সে অসচেতন হয়ে পড়ে এবং প্রচুর রক্তক্ষরন শুরু হয়। এক পর্যায়ে কিছুক্ষন পরেই সে মারা যায়। নিহতের মিতা ও রিতা নামের দুটি কন্যা সন্তান রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠায়। এরপর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। তবে তাকে ধরতে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।











































