শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহারাজ খলিফা (৩০) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। শরণখোলা থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে। শিশুটি ১০নম্বর মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই রোববার বিকেলে শিশুটি উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের জলিল খলিফার বখাটে ছেলে মহারাজের বাড়ির সামনে রাস্তায় গেলে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ফুসলিয়ে বসতঘরের পেছনে রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রতিবেশী এক নারী ঘটনাটি দেখে ফেললে শিশুটিকে ছেড়ে মহারাজ দৌড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, রাতে মেয়ের কাছ থেকে ঘটনা শুনে সকালে স্কুলে গিয়ে শিক্ষকদের এবং সাবেক মেম্বর শহিদুল ইসলামকে জানালে তারা পুলিশকে খবর দেন। মহারাজ এর আগেও তার ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল।
স্থানীয় বাসিন্দারা জানায়, মহারাজের কারণে গ্রামের নারীরা সবর্দা আতঙ্কে থাকে। বিভিন্ন সময় নারীদের গোসলখানার পাশে, খালের পাড়ে বসে থাকে। কয়েকমাস আগে সে মাদকের মামলায় জেল থেকে ছাড়া পেয়েছে।
শরণখোলা থানার ইন্সপেক্টর তদন্ত সুব্রত কুমার সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা শুনে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।











































