সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কালীগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়, সাবু, তেলাকচু পাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশানো ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদাসহ মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি রাইড
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।











































