ঢাকা অফিস।।
সিলেট ও সুনামগঞ্জসহ দেশের প্রায় বিশ জেলার মানুষ বন্যাকবলিত হয়ে বিপদের মধ্যে রয়েছেন। বন্যায় পানিবন্দি হয়ে অনেকেই অনাহারে দিন পার করছেন। এরই মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বর্তমানে দেশে হু হু বাড়ছে করোনা সংক্রামণ।
সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ২৪টি জেলার মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বেশ কিছুদিন যাবৎ ঢাকাতেই ভাইরাসটি শনাক্তের আধিক্য দেখা গেলেও বর্তমানে অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ছে ভাইরাসটির সংক্রমণ।
সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা এবং উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বর্তমানে প্রায় বিশটির মতো জেলার মানুষ বন্যার কবলে পড়েছেন। এই বন্যা এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যা ক্রমশ পুরো দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থাসহ ব্যক্তি পর্যায়েও অনেকেই নিজেদের সামর্থ অনুযায়ী এসব বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ যেনো মরার উপর খাঁড়ার ঘা।
করোনা সংক্রমণ বাড়ার কারণে নতুন আবারও সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ২০ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩২ জন। এই সময় ৮৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করোনা শনাক্ত ৮৭৩ জনের মধ্যে শুধু ঢাকাতেই ৭৯৮ জন রয়েছেন। এছাড়া ফরিদপুরে ১, গাজীপুরে ৪, কিশোরগঞ্জে ১, মানিকগঞ্জে ২, নারায়ণগঞ্জে ৩, নরসিংদীতে ১, ময়মনসিংহে ১, চট্টগ্রামে ৩১, কক্সবাজারে ১৪, চাঁদপুরে ১, রাজশাহীতে ২, নাটোরে ১, পাবনায় ১, সিরাজগঞ্জে ১, জয়পুরহাটে ১, খুলনায় ১, কুষ্টিয়ায় ১, মেহেরপুরে ১, নড়াইলে ১, বরিশালে ৩, ভোলায় ১, পিরোজপুরে ১ ও হবিগঞ্জে ১ জন রয়েছেন।
গতকাল রবিবার (১৯ জুন) দেশে ভাইরাসটিকে আক্রান্ত হয়ে মারা না গেলেও ১৫ জেলায় ৫৯৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। এরমধ্যে ঢাকায় ৫৫৪ জন, মানিকগঞ্জে ২, নারায়ণগঞ্জে ১, নরসিংদীতে ২, টাঙ্গাইলে ২, নেত্রকোনায় ১, চট্টগ্রামে ১২, কক্সবাজারে ১১, কুমিল্লায় ২, রাজশাহীতে ১, বগুড়ায় ২, রংপুরে ১, দিনাজপুরে ১, খুলনায় ৩ ও বরগুনায় ১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
এরআগে শনিবার (১৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে ওই সময়ে নতুন করে দেশে ছয়টি জেলায় আরও ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। এরমধ্যে ঢাকায় ২৮০ জন, গাজীপুরে ২, চট্টগ্রামে ১২, কক্সবাজারে ৮, সিরাজগঞ্জে ১, সিলেটে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া ১৭ জুন ৪৩৩ জন, ১৬ জুন ৩৫৭ জন, ১৫ জুন ২৩২ জন, ১৪ জুন ১৬২ জন, ১৩ জুন ১২৮, ১২ জুন ১০৯ জন, ১১ জুন ৭১ জন, ১০ জুন ৬৪, ৯ জুন ৫৯ জন; ৮ জুন ৫৮ জন; ৭ জুন ৫৪ জন; ৬ জুন ৪৩ জন; ৫ জুন ৩৪ জন; ৪ জুন ৩১ জন এবং ৩ জুন ২৯ জন নতুন শনাক্ত হওয়ার খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন ৮৭৩ জন আক্রান্ত হওয়াতে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। যদিও একসময় শনাক্তে হার ১ এর নিচে নেমেছিল।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।











































