বিনোদন ডেস্ক।।
‘কাজল রেখা’ নামে একটি সিনেমার কাজ নিয়ে এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন এ প্রজন্মের নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্ত্তী। এটি তার প্রথম সিনেমা। গত এ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন এ অভিনেত্রী।
১৫ মে থেকে আবারও নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয় লটের কাজ শুরু করেছেন। চলবে ২৭ মে পর্যন্ত। এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন মন্দিরা। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আগে সিনেমায় অভিনয় করিনি, তাই কিছুটা ভয়তো ছিলই।
কেমন অভিনয় করব, পরিচালক যেমন চাইছেন, ঠিকঠাক মতো করতে পারব কিনা, ইত্যাদি। কিন্তু প্রথম থেকেই ঠিকঠাক মতো অভিনয় করতে পেরেছি। পরিচালক থেকে শুরু করে সহশিল্পীসহ প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করছেন।
পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করছে। প্রথম সিনেমা হিসাবে কাজল রেখা নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সিনেমাটি পরিচালনা করছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে আরও অভিনয় করছেন শরীফুল রাজ, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মিথিলা, শাওনসহ অনেকে।










































