কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টিবি ক্রস রোডস্থ ডিসি আর বস্তির মৃত. রশিদ জমাদ্দারের ছেলে মো. কালাম জমাদ্দার ওরফে কালু (৩৮), গল্লামারী বুড়ো মৌলভীর দরগাহ্ ব্রিজের ওপারে আলুতলার মো. সাইদুল হক হাওলাদারের ছেলে মো. মুন্না হাওলাদার (২০) ও গোবরচাকা নবীনগর এলাকার মো. মাছুম হাওলাদারের ছেলে মো. মিরাজ (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
রামপালে মই দিয়ে উঠতে হচ্ছে ব্রীজে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বগুড়া নদীর উপর নির্মাণাধীন বগুড়া খেয়াঘাট ব্রীজটির কাজ গত চার বছরেও শেষ হয়নি। এর ফলে অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে র্নিমাণাধীন ওই ব্রীজটি দিয়ে চলাচল করতে হচ্ছে ১০ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। তবে উপজেলা প্রকৌশলী বলছেন, করোনা মহামারীতে বিলম্ব ও ব্রীজটির সংযোগ সড়কের জায়গা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির করা মামলার কারণে দুই দফায় ব্রীজটির নির্মাণ কাজের সময় বৃদ্ধি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এলজিইডি’র অর্থায়নে ২০১৮ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় বগুড়া খেয়াঘাট ব্রীজটির। ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্ড জেই এই ব্রীজটির নির্মাণ কাজ শুরু করে। ৬০ মিটার দৈর্ঘ্যের ওই ব্রীজটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫১ হাজার ১৩৩ টাকা। ইতিমধ্যে ব্রীজটির ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে জনসাধারণের চলাচলের জন্য ব্রীজটি উম্মুক্ত করে দেয়ার কথা বলা হলেও সেটি সম্ভব হয়নি। নতুন করে মেয়াদ বাড়িয়ে আগামী জুন মাসে ব্রীজটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।
সরজমিনে গিয়ে দেখা যায়, হুড়কা ইউনিয়নের বেলাই, ভেকটমারী, গাজিখালী, কাঠামারী, নলবুনিয়া, গজগজিয়া, হুড়কা, চাড়াখালী ও ছিদামখালী গ্রামের প্রায় ৭ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রীজটি। ব্রীজটির সংযোগ সড়কের কাজ এখনো শেষ হয়নি। সংযোগ সড়কের ব্যবস্থা না থাকায় বাঁশের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।
স্থানীয় অমল দাস বলেন, কয়েক বছর ধরে দেখছি এই ব্রীজটার কাজ হচ্ছে, কাজ কবে যে শেষ হবে তার তো ঠিক ঠিকানা নেই। রামপাল সদর, মোংলা ও বাগেরহাট যাওয়ার জন্যই আমাদের এই নদী পার হয়ে যেতে হয়। এছাড়া আমাদের তো আর কোন উপায় নেই, তাই বাধ্য হয়ে ব্রীজে লাগানো মই বেয়ে যেতে হয়। আমরা কি করবো, আমাদের তো বিকল্প কোন উপায় নেই।
সুজন মজুমদার বলেন, হুড়কা ইউনিয়নের অধিকাংশ মানুষ দরিদ্র। তারা কৃষিকাজ, মৎস্য ও মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ করেন। বগুড়া নদী পার হয়ে তাদের শহরের যাতায়াত করতে হয়। এছাড়া যাতায়াতের বিকল্প যে পথটি রয়েছে সেটি প্রায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়। তাই হাজার হাজার মানুষের যাতায়াতের সহজ মাধ্যম এই ব্রীজটি দ্রুত মানুষের চলাচলের উন্মুক্ত করার দাবী জানাচ্ছি।
হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, ২০১৮ সালের শেষের দিকে বগুড়া খেয়াঘাট ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয়। প্রথম দিকে ব্রীজটির নির্মাণ কাজ দ্রুত গতিতে চললেও একটা সময় করোনা মহামারী ও জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে ব্রীজটির কাজ থেমে যায়। মুলত ব্রীজটির নির্মাণ কাজ শেষ হতো অনেক আগেই। সমস্যা হচ্ছে ব্রীজটির এক অংশের সংযোগ সড়ক নিয়ে। সংযোগ সড়কটির কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমি থাকায় স্থানীয় বাসিন্দা খিরোজ দাস ও প্রতাপ রায় নামের দুই ব্যক্তি মামলা করেন। ওই মামলার কারণে ব্রীজটির সংযোগ সড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ খিরোজ দাসকে দুই লাখ ও প্রতাপ রায়কে এক লাখ ২৫ হাজার দেয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। ফলে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করে গুরুত্বপূর্ণ ব্রীজটি উন্মুক্ত করে দেয়া হবে।
রামপাল উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন বলেন, করোনা মাহামারী ও সীমানা জটিলতায় মামলার কারণে বগুড়া খেয়াঘাট ব্রীজটির কাজ দুই দফা পিছানো হয়েছে। ইতিমধ্যে ব্রীজটির ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন সংযোগ সড়কের কাজ চলছে। আশা করছি আগামী জুন মাসে ব্রীজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সীমানা জটিলতায় যারা মামলা করেছিলো, তাদের জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বর্তমানে দ্রুত গতিতে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে।
ডুমুরিয়ায় গুরুতর জখম সেনাসদস্য আসাফুর’র পাশে সেনা সমিতি নেতৃবৃন্দ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম অব: সার্জেন্ট মোঃ আসাফুর রহমানের পাশে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি ডুমুরিয়া উপজেলা শাখা। দীর্ঘ ১৯ দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও বিছানায় শায়িত সেনা সদস্যকে দেখতে ও চিকিৎসার খোজ খবর নিতে গতকাল রবিবার বিকেলে উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল আমডাঙ্গা গ্রামের বাড়িতে দেখতে যান সমিতির নেতৃবৃন্দ। এ সময় উপ¯ি’ত ছিলেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ রেজাউল করিম,সহ-সভাপতি সার্জেন্ট মোঃ জাবেদ, সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, সার্জেন্ট ওমর ফারুক, ইসলাম সর্দার, হাফিজুর রহমান গাজী, আঃ রহমান গাজী, ফিরোজ আহমেদ,মাহাতাব উদ্দিন গোলদার,শাহিন আলম, বোরহান উদ্দিন, রবিউল ইসলাম, আব্দুল লতিফ,নেছার উদ্দিন ও মিজানুর রহমান। এ সময় উপ¯ি’ত সেনা সদস্যের নেতৃবৃন্দ তার উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে প্রচার ও মিডিয়া উপ-কমিটির বৈঠক
খবর বিজ্ঞপ্তি
রবিবার( ১৫ মে) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া উপ-কমিটির এক জরূরী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহবায়ক, ইসলামী আন্দোলন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
বৈঠকে ২১ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৭ মে খুলনায় অবস্থানরত সকল ইলেক্ট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার সম্পাদক, ব্যুরো প্রধান ও ষ্টাফ রিপোর্টারদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
১৮ মে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং বিভাগীয় সমাবেশ সরাসরি সম্প্রচার করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া উপ কমিটির সদস্য গাজী ফেরদৌস সুমন, মুফতী আমীরুল ইসলাম, এস.কে নাজমুল হাসান, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ নোমান, ইনামুল হাসান সাইদ, ফরহাদ মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নিজ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন ডিআইজি জিহাদ
স্টাফ রিপোটার,বাগেরহাট
সদ্য পদোন্নিত প্রাপ্ত পুলিশের ডিআইজি জিহাদুল কবীরকে সংবর্ধনা দিয়েছে শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। রোববার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুশফিকুল ইসলাম রিতু, প্রধান শিক্ষক আসাদুল কবীরসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জানান, এই বিদ্যালয়ে ডিআইজি জিহাদুল কবির পড়াশুনা করেছেন। তিনি সদ্য পুলিশের ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে ছুটিতে বাড়িতে এসেছেন। তাকে সন্মানিত করতে পেরে আমরা গর্বিত। আগামীতে তিনি আরো উচ্চ পদে পদোন্নতি পেয়ে দেশের সেবা করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।
ডিআইজি জিহাদুল কবীর বলেন, চাকরী জীবনে বিভিন্ন জায়গার অনেক অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেসব অনুষ্ঠানে যে ফুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে তারচেয়ে নিজ বিদ্যালয়ের দেওয়া ফুল আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। এসময় তিনি তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন।
প্রসঙ্গত বুধবার (১১ মে)উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জিহাদুল কবির সর্বশেষ অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাঁকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে ন্যস্ত করা হয়েছে।
তালুকদার আব্দুল খালেক এর সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
অদ্য সন্ধ্যা ৭টায় ৭১, খান জাহান আলী রোডস্থ খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর আশু রোগমুক্তি কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, সভাপতিত্ব করেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সরদার মাহবুবার রহমান। অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নূর ইসলাম বন্দ, মুন্সী আইয়ুব আলী, মোঃ ইদ্রিস মোল্লা, শেখ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, মোস্তাক আবেদীন, নির্মল কুমার রায়, শেখ মোশারেফ হোসেন, স ম রেজওয়ান আলী, মোঃ জয়নাল আবেদীন, শেখ ওবায়দুল্লাহ রণ, মোঃ শহিদুল ইসলাম, কে এম ফারুক আলম, মোঃ আমিরুল ইসলাম, তুহিন আলী খান, কাজী মতিয়ার রহমান, ইসমাইল শেখ, বাবু রমেশ চন্দ্র সেন, শেখ জাফর আহমাদ, গোলাম মোস্তফা, শেখ সিরাজুল ইসলাম, শেখ হাফিজুল্লাহ, মহিউদ্দিন মোড়ল, মোঃ লিয়াকত আলী, মোঃ হান্নান হোসেন, মোঃ ইমদাদ হোসেন প্রমুখ।
কেসিসি মেয়রের সুস্থ্যতা কামনা করেছেন বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক অসুস্থ অবস্থায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টাসহ সকল নেতৃবৃন্দ। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে দেন এবং স্বাভাবিকভাবে আগের মত কেসিসি’র দায়িত্ব পালন করাসহ জনসেবায় নিবেদিত হতে পারেন।
নেতৃবৃন্দরা হলেন সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, মোঃ জাহিদুল ইসলাম, উজ্জ্বল ব্যানার্জি, মোঃ আলী দেওয়ান ও মোঃ লাভলু খান।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার-কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে অব্যাহতি দেয়ার জন্য প্রস্তাব রাখা হয়। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদকে (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের জন্য প্রস্তাব করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী ও জেলা মহিলা লীগের সহ-সভাপতি আফরোজা খাতুন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, শেখ মোস্তাহিদ সুজা, সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম প্রমূখ।
সভায় আগামী সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য উদ্যাত্ত আহবান জানানো হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগনেরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে সদ্য প্রয়াত স্কুল ছাত্র গগনবাবুর স্মরণ সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেণির ছাত্র সদ্য প্রয়াত গগনবাবু দাশের স্মরণ সভা ও প্রার্থণা অনুষ্ঠান রোববার দুপুর ২টায় মৃতের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক ও যুগ্ম সচিব মো. হাবিবুল হক, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আহবায়ক বিশিষ্ট কলামিষ্ট অধ্যক্ষ (অব:) অমিত রায় চৌধুরী।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, ফকিরহাট বাজার বর্নিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের সুপার মো. ইকরুমুল ইসলাম, সদ্য প্রয়াত গগনবাবু দাশের পিতা এসএসসিএসও গোপাল চন্দ্র দাশের পরিবার সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গগনবাবু দাশ গত ৩ মে বেলা ১১টায় ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
যশোর চুকনগর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন
আলমগীর হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধি :
রোববার বিকেলে যশোর চুকনগর সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়কের পাশে আলোকতি সংঘের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলতাপোল এলাকার প্রায় দু শতাধিক নারী পুরুষ মানব বন্ধনে অংশ নেন। সংগঠণের আহ্বায়ক কাওছার হোসেন রুবেলের সভাপতিত্বে সদস্য সচিব অমিত সরকারের সঞ্চালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর সদও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবীর হোসেন,আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য রাশেদুর ইসলাম, শাহানাজ পারভিন,আলোকতি সংঘের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম,মেহেরাজ হোসেন,আব্দুল্যা মুন্সী, বিপ্লব দাস প্রমুখ। বক্তরা বলেন, সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন না করায় এ সড়কটি এখন মৃর্ত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এম কোন দিন নেই যেদিন দূর্ঘটনা ঘটছে না, কি কারণে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে তার কোন জবাব ও এলাকাবাসী কারো নিকট থেকে পাচ্ছেন না। অবিলম্বে সড়ক নির্মানের কাজ বাস্তবায়ন না হলে এলাকাবাসিকে সাথে নিয়ে আন্দোলনের ডাক দেয়া হবে।
অবশেষে নারী শ্রমিককে শ্লীলতাহানীর ঘটনায় খুলনা এ্যাসেনসিয়াল ড্রাগস প্লান্টের ডিজিএম বারী কে বগুড়ায় বদলি
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
খুলনা এসেনসিয়াল ড্রাগস লিমিটেড (ইডিসিএল) এর ডিজিএম (এডমিন) মোঃ শফিকুল ইসলাম ভান্ডার বিভাগের নারী কর্মী শ্রাবনী কেয়া (২৬) কে গত ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ওয়াশরুমে যাওয়ার সময় ভান্ডার বিভাগে ষ্টেশনারী শাখার কাছ থেকে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলার একপর্যায়ে একা পেয়ে সামনে থেকে জাপটে ধরে এবং বাদীর শরীরের বিভিন্নস্পর্শকাতর স্থানে হাত দিয়া শ্লীলতাহানী করে। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধীত-২০০৩) খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন নারী কর্মী শ্রাবনী কেয়া যার নং ১৩ । গত ৩১ মার্চ বারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার এস আই রেজোয়ানুল ইসলাম। ১ বছর পূর্বে মোঃ শফিকুল বারী ডিজিএম (এডমিন) হিসাবে বগুড়া অফিস থেকে খুলনা এ্যাসেনসিয়াল ল্যাটেক্স প্লান্টে যোগদান করেন। এর পর থেকেই তার বিরুদ্ধে একাধিক মহিলাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে । এ ঘটনায় ঢাকা হেড অফিসের জি এম ইজ্ঞিনিয়ারিং মাহবুব হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো অধিকতর তদন্তের পর তদন্ত কমিটি নারী কর্মী শ্রাবনী কেয়াকে জাপটে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়া শ্লীলতাহানী করার ঘটনার সত্যতা পায় । যার কারনে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে গত ১২ মে অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম বারিকে খুলনা এ্যাসেনসিয়াল ল্যাটেক্স প্লান্ট থেকে বগুড়াতে ষ্টোর শাখায় বদলী করা হয়েছে । এবং ১৫ মে রবিবার তিনি বগুড়া এসেনসিয়াল ড্রাগস লিমিটেড এ যোগদান করেন । এদিকে খুলনার খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকার অবস্থিত এসেনসিয়াল ড্রাগস লিমিটেড (ইডিসিএল) এ কর্মরত নারী শ্রমিকরা মোঃ শফিকুল ইসলাম বারির বদলির খবরে শস্তি ফিরে পেয়েছে । তবে প্রতিষ্ঠানে কর্মরত একাধিক কর্মকর্তা , কর্মচারী,ও উৎপাদন কর্মিরা তাকে চাকরি হতে অপসারন না করে শুধুমাত্র কদলী করেছে , অতিদ্রত অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম বারীর বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষকে চাকরী হতে অপসারনের দাবি জানান নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা জানান শফিকুল ইসলাম বারি এর আগেও এসেনসিয়াল ড্রাগস লিমিটেড এর বিভিন্ন শাখাতে কর্মরত একাধিক নারী কর্মিদের বিভিন্নভাবে যৌনহয়রানি করার অভিযোগ রয়েছে ।
রামপালে মামলা তুলে নিতে আসামীদের হুমকি, বাদীর সংবাদ সম্মেলন
মোংলা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন বাদী পরিবার। মামলার প্রধান আসামী মাত্র একদিনের মধ্যে জামিন নিয়ে বেরিয়ে এসেই বাদী ও মামলার স্বাক্ষীসহ পরিবারের সদস্যদের হুমকি ধাকমি ও ভয়ভীতি দেখাচ্ছেন আসামী পক্ষ। এছাড়া মামলা তুলে নিয়ে মিমাংসার জন্য চাপ দিচ্ছেন তারা। ফলে ফের হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। এ নিয়ে উপজেলার ঝনঝনিয়া-গাববুনিয়া গ্রামের আবুল কালাম শেখ রবিবার বেলা ১১ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় একই এলাকার আলমগীর শেখ ও তার ছেলে সজীব, একই এলাকার আলআমীন ও আকাশ তার গাববুনিয়া পুকুর পাড়ে বসাবসি নিয়ে বিরোধের সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আলমগীরের হুকুমে আমার ছেলে ওবায়দুল্লাহর পেটে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে দিয়ে চলে যায়। বর্তমানে খুমেক হাসপাতালে আমার ছেলে ওবায়দুল্লাহ চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনার পরেই হুকুমের আসামি প্রভাবশালী আলমগীর হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলেও একদিন পর জামিনে বেরিয়ে আসেন। জামিনে বের হয়ে অন্য আসামিদের সাথে নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে আবুল কালামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সদ্য জামিনে বেরিয়া আসা হুমকিদাতা অভিযুক্ত আলমগীর হোসেনের মোবাইলে (০১৭১৬-৬৯৯৩৪৫) যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় এক মহিলা ভিক্ষুকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৩ মে) গভীর রাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত আ. সাত্তার মুন্সীর স্ত্রী ৩ সন্তানের জননী আলেয়া বেগম(৮০) স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে বসবাস করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার রাতে আলেয়া বেগম বাড়িতে না থাকায় অগ্নিকান্ডের ঘটনায় তার বসতঘরটি পুড়ে যায়। এতে তার নগদ ৩ হাজার টাকা, ৫০ কেজি চাল, হাড়ি-পাতিল ও অন্যান্য মালামালসহ বসতঘরটি পুড়ে যায়। কে বা কারা আগুন দিয়েছে নাকি স্বাভাবিক অগ্নিকান্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বৃদ্ধা আলেয়া বেগমের দাবি তার বাবার ১০ কাঠা জমি চাচাতো ভাই কুদ্দুস হাওলাদার জাল দলিল করে দখল করেছে। বসতঘরসহ মাত্র আড়াই কাঠা জমি তার দখলে আছে। যা নিয়ে দীর্ঘদিন শালিশ-বৈঠক চলে আসছে। ওই আড়াই কাঠা জমি থেকে তাকে উৎখাত করার জন্য প্রতিপক্ষ কুদ্দুস হাওলাদার তার বসতঘরটি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেন ভিক্ষুক আলেয়া।
আলেয়া বেগমের অভিযোগ অস্বীকার করে কুদ্দুস হাওলাদার বলেন, জমি-জমা নিয়ে বিরোধ আইনগতভাবে সমাধান হবে, ঘর পোড়াতে যাবো কেন?।
বাগেরহাটের কচুয়ায় ২ হাজার লিটার তেল মজুত, ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় সয়াবিন তেল অবৈধ মজুতের দায়ে চৈতন্য দাস নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বাঁধাল বাজারের চৈতন্য স্টোরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার তেল মজুতের অপরাধে এই জরিমানা করা হয়। সাথে সাথে তেলগুলো নায্যমূল্যে বিক্রির আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, অবৈধভাবে তেল মজুতের দায়ে চৈতন্য স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ হাজার লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
হারানো মাকে খুজে ছেলের হাতে তুলে দিলেন ওসি সেলিম
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
তিন মাস পুর্বে পিরোজপুর থেকে হারিয়ে যান অর্পনা রানী সাদিয়াল (৬৫) নামের এক নারী। পরে তার সন্তানরা দেশের বিভিন্ন অঞ্চলে খুজে ফিরলেও তার সন্তানরা তার মাকে খুজে পাননি। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানতে পারেন ৬০/৬৫ বছরের এক নারী মহেশপুরে ঘুরে রেড়াচ্ছেন। ওসি সেলিম মিয়া নিজের ফোর্স হারানো মাকে খুজে পেতে কাজে লাগান। এক পর্যায়ে শনিবার রাতে মহেশপুরের পোষ্ট অফিস মোড় থেকে অর্পনা রানী সাদিয়ালকে খুজে পান। পরে তার সন্তানদেরকে খবর দেওয়া হয়। গতকাল রোববার সকালে পিরোজপুর থেকে অর্পনা রানী সাদিয়ালের দু’ সন্তান সজিব সাদিয়াল ও রাজিব সাদিয়াল মহেশপুর থানায় হাজির হয় তাদের হারানো মাকে নিয়ে যেতে।
দুপুরে থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া অর্পনা রানী সাদিয়ালকে তার দু’ সন্তান সজিব সাদিয়াল ও রাজিব সাদিয়ালের হাতে তুলে দেন তাদের তিন মাস পুর্বের হারানো মাকে।
সজিব সাদিয়াল ও রাজিব সাদিয়াল তাদের হারানো মাকে খুজে পেয়ে আবেগ আফুদো হয়ে পরেন। সেই সাথে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া ও থানার সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।
মণিরামপুর এ্যাসিল্যান্ড অফিসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
মোঃ আবু বক্কার সিদ্দীক,মনিরামপুর, (যশোর) থেকে॥
যশোরের মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) অফিসের কার্যালয়ের দৃশ্যপট এখন পাল্টে গেছে। আর এ দৃশ্যপটির পাল্টনোর সার্বিক মূল মন্ত্র-যন্ত্র পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এ অফিসে নবনির্মিত ভবন নির্মাণের পাশা পাশি অফিসের প্রাঙ্গনে বৃদ্ধি পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এতে করে দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনের পরিবর্তে আধুনিক ভবন নির্মানের পাশাপাশি নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এই অফিসটির বাহ্যিক পরিবেশকে আরো সৌন্দর্যমন্ডিত করেছে। বৃদ্ধি পাবে জনসাধারনের ভুমি সংক্রান্ত সেবাও।
রোববার সকালে এ্যাসিল্যান্ড অফিসের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের এ ম্যুরাল উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্য বলেন, একটা সময় ভুমি অফিস গুলোর করুণ দৃশ্য চোখে পড়তো। জরাজীর্ণ ভবনে পানি পড়ে গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যেতো। কিন্তু আজ এমন দৃশ্য আর নেই। অত্যাধুনিক ভুমি অফিস নির্মাণে সেই দুরবাস্থার আজ অবসান হয়েছে। আর এ সবকিছু জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের গ্রামীণ পর্যায় অবকাঠামো নির্মানসহ অসহায় মানুষের আর্থসামজিক উন্নয়নে নানা প্রকল্প গ্রহনের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, এডিসি (রাজস্ব) তাপস কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার (ভুমি) হরেকৃষ্ণ অধিকারি, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ। এরপর প্রতিমন্ত্রী নবনির্মিত এ ভবনের নান্দনিক অফিস কক্ষ গুলো ঘুরে ঘুরে প্রদর্শন করেন। এ সময় তিনি কার্যলয়ের কর্মকর্তাদের বিভিন্ন সেবামূলক পরামর্শ প্রদান করেন।
মহেশপুরে ৫৮ বিজিবি’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় এবং হতদরিদ্র রোগীদের বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বাকোসপোতা হাই স্কুলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ এর উদ্বোধন করেন।
এক প্রেস ব্রিফিং এ জনাব শাহীন আজাদ বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারনকে উদ্বুদ্ধকরনের লক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে এই সেবা প্রদান। এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক তসলিম মোহাম্মদ তারেক, সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। উপজেলার ৭৩টি গ্রামের ৫শ অসহায় এবং দরিদ্র রোগীদের মাঝে এই সেবা দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে যেসকল চিকিৎসকরা সেবা প্রদান করেন তারা হলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস(ডিএমসি),এফসিপিএস(মেডিসিন) বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান, ঢাকা জাতীয় চক্ষুবিদ্যা ইনস্টিটিউটের সহকারী রেজিষ্টার ডাঃ এরশাদুল হক রাহাত, যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মেজর মোঃ জসিম উদ্দীন,একই হাসপাতালের স্পেশালিষ্ট ইন গাইনী এন্ড অবস ডাঃ মেজর ফারহানা ইয়াছমিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান। বিজিবি’র অধিনায় আরো জানান এ ধরণের ক্যাম্প আরো করা হবে। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।
দাকোপে তরমুজে ক্ষতি বাড়িয়ে দিল ‘অশনি’
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে তরমুজে ক্ষতি বাড়িয়ে দিল অশনি। হঠাৎ তরমুজের ব্যাপক দরপতন। তার ওপর ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব। এ কারণে একসঙ্গে খেতের তরমুজ তুলে ফেলেছেন চাষিরা। কিন্তু ক্রেতা নেই। দুইয়ে মিলে খুলনার দাকোপ উপজেলার তরমুজ চাষিদের চোখেমুখে হতাশার ছাপ। কারণ, তাঁরা এখনো খেতের তরমুজ বিক্রি শেষ করতে পারেননি। সে জন্য অনেক চাষিই তরমুজ চাষে যে টাকা খরচ হয়েছে, তা তুলতে পারা না পারার বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। খুলনার দাকোপ উপজেলা সুস্বাদু তরমুজের জন্য বিখ্যাত। তরমুজ চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে লাভ হওয়ায় এবারে তাঁরা দ্বিগুণ জমিতে তরমুজের চাষ করেছেন। এখনো প্রায় অর্ধেক জমিতে তরমুজ রয়েছে। অবশ্য স্থানীয় কৃষি বিভাগ বলছে, ৭৫ শতাংশ জমির তরমুজ উঠে গেছে। তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরে এই উপজেলায় ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। মাঘ মাসের শেষ দিক থেকে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তরমুজের বীজ লাগানো হয়। কিন্তু এ বছর সে সময় অধিকাংশ জমিতে কাদা থাকায় ও বৃষ্টি হওয়ায় তরমুজ কিছুদিন দেরিতে আবাদ শুরু করেন কৃষকেরা। চাষিরা বলছেন, গত সপ্তাহে খুলনা শহরের স্টেশন রোড কদমতলা পাইকারি আড়তে প্রচুর তরমুজের ট্রাক ঢুকতে দেখা গেছে। কিন্তু দাম পড়তি। একে তো দাম কম, এর ওপর রয়েছে ক্রেতাসংকট। এতে আড়তের ব্যবসায়ী ও কৃষকেরা হতাশ। গত সপ্তাহে আট থেকে দশ কেজি ওজনের একেকটি তরমুজ ৯০ টাকা ও ছয়–সাত কেজির তরমুজ ৭০ টাকা দামে বিক্রি হয়। খুলনা শহরের পাইকারি আড়তের লাকি ট্রেডার্সে দাকোপের খেজুরিয়া গ্রাম থেকে তরমুজ নিয়ে আসা কৃষক সুকল্যাণ মণ্ডল জানান, এ বছর তিনি প্রতি বিঘা ১৫ হাজার করে ৭৫ হাজার টাকায় পাঁচ বিঘা জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন। পাশাপাশি বীজ, সার ও কীটনাশক মিলিয়ে প্রতি বিঘায় ৩২ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে বাজারে ক্রেতাসংকট ও দাম পড়ে যাওয়ায় খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। দাকোপের রামনগর গ্রামের চাষি দিলিপ রায় গত বছর দেড় বিঘা জমির তরমুজ বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করেছিলেন। তাই এবার ৮ বিঘায় তরমুজের আবাদ করেছেন। তিনি বলেন, বাজারের যা অবস্থা তাতে টাকা উঠবে না জানি। দাম শুনে হাসব না কাঁদব তা বুঝতে পারছি না। সার ও কীটনাশক দোকানের টাকা বাকি। খেতে থাকা তরমুজের কী হবে জানি না। আসলে কপালে মারলে ঠেকায় কে?’
কৃষকেরা জানান, ঘূর্ণিঝড় অশনির খবর শুনে খেত থেকে অনেকে তরমুজ তুলে ফেলেন। স্থানীয়ভাবে ক্রেতা না পেয়ে নিরুপায় হয়ে তাই নিজেরাই খুলনা, যশোর, মাদারিপুর, পাবনা, সিলেট, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনি, চাঁদপুর, রাজশাহী, ঢাকা ও কুমিল্লার আড়তে তরমুজ নিয়ে যাচ্ছেন। তবে কোথাও কেউ ভালো দাম পাচ্ছেন না। কালিকাবাটি গ্রামের কৃষক পদ্দো সরদার বলেন, সবচেয়ে বড় সংকট হচ্ছে যোগাযোগ ব্যবস্থায়। কারণ দাকোপ তিনটি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত। শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই। দুটি ফেরি পার হয়ে তবেই খুলনায় যেতে হয়। এতে পরিবহন খরচ বেশি হয়। এলাকার তরমুজ চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তরমুজ চাষ করে তাঁরা কয়েকটি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথমত, চাষ শুরু হয় দেরিতে। দ্বিতীয়ত, এলাকায় বড় ট্রাক ঢুকতে না দেওয়ায় পাইকারেরা সেভাবে আসেননি। তৃতীয়ত, খেতে আসা ক্রেতারা দাম কম বলায় অনেক কৃষক তরমুজ বিক্রি করেননি। তাঁরা বেশি দাম পাওয়ার অপেক্ষায় ছিলেন। চতুর্থত, কিছু পাইকার মাঠে এসে অগ্রিম ৫-১০ হাজার টাকা দিয়ে গেলেও পরে আর আসেননি, তরমুজও নেননি। পঞ্চমত, ঈদের পরের কয়েক দিন আড়তে তেমন কেনাবেচা হয়নি। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, দাকোপের কিছু জায়গায় বেড়িবাঁধ ভাঙা। ওই সব জায়গায় আমরা যদি বড় পরিবহন চলাচলের অনুমতি দিতাম, তাহলে রাস্তা ভেঙে গিয়ে পুরো পরিবহন ব্যবস্থাই ব্যাহত হতো। সে জন্য সবাইকে নিয়ে অনুষ্ঠিত মিটিংয়ে বড় গাড়ি না ঢোকানোর সিদ্ধান্ত হয়। মেহেদী হাসান খান আরও বলেন, অনেক জায়গায় আম ও লিচু চলে এসেছে। এ জন্য তরমুজের চাহিদা কমেছে। দামটাও পড়ে গেছে।
মণিরামপুরে সাবেক নেতাদের সাথে নবগঠিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মতবিনিময়
মণিরামপুর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে পরিচ্ছন্ন হতে হবে। মাদকাসক্ত ও চাঁদাবাজদের ছাত্রলীগের ঠাঁই না দেওয়ার আহবান জানানো হয়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাজনীতির পাশাপাশি লেখা-পড়ার উপর জোর দিতে হবে।
রোববার সন্ধ্যায় জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ছাত্রলীগের সাবেক নেতাদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান রকির সভাপতিত্বে বক্তারা আরো বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে যারা অবাঞ্চিত করার ঘোষণা দেয় তারা আর যাই হোক ছাত্রলীগের কর্মী হতে পারে না।
সাধারন সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিকলীগের সহসভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা গোপাল মল্লিক, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারেক মির্জা, সাবেক সাধারন সম্পাদক সন্দীপ ঘোষ, সাবেক সাধারন সম্পাদক কাজী তাজাম্মুল হুসাইন টিটো, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাশেষে ছাত্রলীগের একটা বিশাল মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
দেশের জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে: মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় শেষ হয়ে এসেছে। তারা ভাবতেই পারে না ক্ষমতা ছাড়তে হবে। তারা ভাবে ক্ষমতায় থাকা তাদের জন্মগত অধিকার। হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট হবে। সেই সাথে একটি মিথ্যা বায়োবিও মামলায় কারারুদ্ধ ৩ বারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী এ দেশের গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করাতে হবে। এ দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। রবিবার (১৫ মে) বিকাল ৩টায় খালিশপুর থানা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুজ্জামান আরিফ এর নি:শর্ত মুক্তির দাবীতে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আসবে। এ সরকারকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করা হবে। দেশের জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে নেতা-কর্মীরা যখন রাজপথে সক্রিয় ঠিক সেই মূহুর্তে খুলনার ঐক্যবদ্ধ বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র। আর তদেরই হয়েই পুলিশ প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের এজেন্টরা বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতারে মাঠে নেমেছে। যার অংশ হিসেবে খালিশপুর থানা যুবদল নেতা নাজমুল হোসেন বাবু ও আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে যুবদলের দুই নেতার নি:শর্ত মুক্তির দাবি জানান।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খালিশপুর থানার সাংগঠনিক টিম প্রধান কাজী মো. রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, বিএনপি নেতা শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, জহর মীর, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, এওড. মোহাম্মাদ আলী বাবু, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, কাজী শাহ নেওয়াজ নিরু, ফারুক হোসেন হিল্টন, মো. জাহিদ হোসেন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, কানিজ ফাতেমা আমিন, মতলেবুর রহমান মিতুল, খোদা বক্স কোরাইশী কালু, তসলিম উদ্দিন মাষ্টার, মশিউর রহমান পটা, কাজী নেহিবুল ইসলাম নেহিম, ইঞ্জি. নূরুল ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত, আব্দুল আজিজ সুমন, ইউসুফ মোল্লা, গোলাম মোস্তফা ভুট্টো, আনজিরা খাতুন, জাহিদুল ইসলাম বাচ্চু,আলাউদ্দিন তালুকদার, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, এস কে মাহমুদ আলী, ডাক্তার শ্যামল, মুজিবর রহমান, রফিকুল ইসলাম রফিক, শেখ মিজানুর রহমান, সাকিরুল্লাহ তুহিন, শেখ মাহমুদ আলী।
পাইকগাছা পৌরসভার মহিলা সদস্য ও ভূমি কর্মকতার সীল সাক্ষর জাল মামলায় আটক ১
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যর সীল সাক্ষর, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সীল সাক্ষর জাল করে প্রত্যায় পত্র ও ভূমি কর রশিদ পরিশোধ দেখিয়ে জমি সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অমিও কুমার মন্ডল বাদী হয়ে ৮ জনের নামে গত শনিবার থানায় মামলা করে। ওই মামলায় পুলিশ শনিবার রাতেই আমিরুল ইসলাম নামে এক আসামিকে আটক করেছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী ও মামলা সুত্রে জানাগেছে, উপজেলার বাইনবাড়িয়া গ্রামের রবিন্দ্র নাথ মন্ডলের ছেলে সবুজ মন্ডল ৩০) পাইকগাছা পৌরসভার মহিলা সদস্য সীল ও সাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়ন পত্রের মাধ্যমে প্রকৃত ওয়ারেশ না হয়ে নামপত্তনের জন্য সহকারী কমিশনার ভূমি আদালতে দেন। পরে সংরক্ষিত মহিলা সদস্য কবিতা রানী দাশ জানতে পারে সাক্ষর জাল করে জমির নামপত্তনের জন্য সরকারী দপ্তরে দিয়েছে। তাৎক্ষনিক পাইকগাছা থানায় জাল সাক্ষরের ব্যপারে একটি সাধারণ ডায়েরি করেন মহিলা সদস্য। অপর দিকে সহকরারী কমিশনার ভূমি আদালতে গদাইপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা লতিফা আক্তারের সাক্ষর ও সিল জাল করে ভুমি উন্নয়ন কর পরিশোধ দেখিয়ে রশিদ প্রদান করেন। এ ঘটনায় লতিফা আখতার জানান, আমি ১৯ মার্চ গদাইপুর ইউনিয়নে যোগদান করেছি। ৪ মার্চ আমার সাক্ষর দেখানো হয়েছ। এটি সম্পূর্ণ জাল করা হয়েছে। পৌরসভার প্যনেল মেয়র ও সংরক্ষিত সদস্য কবিতা রানী দাশ বলেন, আমার সিল ও সাক্ষর জালকরে পাইকগাছা পৌরসভার প্যড ব্যবহার করায় আমি পাইকগাছা থানায় সাধারণ ডায়রী করি। পাইকগাছ থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, বাতিখালীর মনরঞ্জন মন্ডলের ছেলে অমিয় কুমার মন্ডল বাদী হয়ে থানায় ৮ জনের নাম উল্লেখ করে জাল জালিয়াতির মামলা করে। সে মামলায় আমিরুল ইসলাম চঞ্চল নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে তৃতীয় দিনে ১২ জন আসামিকে গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছা থানাপুলিশের বিশেষ অভিযানে তৃতীয় দিনে ১২ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির মধ্য জুয়ায় ৯ জন, বিশেষ ক্ষমতা আইন ১ জন পরোয়ানায় ২জন। থানায় ৯ জুয়াড়ির নামে মামলা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তিদের রবিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থনার উপ-পুলিশ পরিদর্শক আসাদুজ্জমান জানান, মাদক দ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯জুয়াড়ি, বিশেষ ক্ষমতা আইনে ১ ও পরোয়ানার ২ আসামিকে গ্রেফতার করা হয়। আটককৃত জুয়ার আসামিরা হলেন, কপিলমুনি ইউনিয়নের নুর ইসলাম গাজীর ছেলে অজিত গাজী(৩২),সাফেত গাজীর ছেলে আওয়াল গাজী(২৬), বারুই ডাঙ্গা গ্রমের কফিল মোড়লের ছেলে বুধ মোড়ল(৩০), বিরাশির বিলাত মোড়লের ছেলে খায়রুল মোড়ল, বারুই ডাঙ্গার আমিন গাজীর ছেলে শহর গাজী(৪৮), আনছার গাজীর ছেলে মোমেন গাজী(২৭), ইনছার গাজীর ছেলে সামাদ গাজী(৩২), ছামছুর গাজীর ছেলে জসিম গাজী(২৮), আরজান গাজীর ছেলে রহমত গাজী(৪০)। অপর দিকে পরোয়ানার দুই আসামি হলেন গড়ুইখালী ইউনিয়নের কুমখালীর পূর্নচরনের ছেলে তেজেন্দ্র নাথ মন্ডল, পূর্ণ চরনের স্ত্রী আরতি রানী এবং বিশেষ ক্ষমতা আইনে কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের নশের মোড়লের ছেলে জামাল মোড়লকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, থানার বিশেষ অভিযানের তৃতীয় দিনে ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে রবিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অবৈধ গর্ভপাতের চেষ্টা, মারা গেলেন মা-শিশু
সাতক্ষীরা প্রতিনিধি
অবৈধ গর্ভপাতের সময় আনাড়ি হাতুড়ে ডাক্তারের অক্ষমতার কারণে গৃহবধূ সাবিনা ও তার ৭ মাসের সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। শ্যামনগর থানা পুলিশ মৃত সাবিনা ও নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
রোববার মৃত সাবিনা খাতুনের মা হালিমা খাতুনসহ ১০ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন সাবিনার স্বামী জাহাঙ্গীর আলম।
মৃত সাবিনা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পারশেমারি গ্রামের গৃহবধূ।
ঢাকায় শ্রমজীবী জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে সাবিনা গর্ভবতী হন- এমন অভিযোগে সাবিনার মা, বাবা ও ভাই মিলে নিয়ে যান শ্যামনগর উপজেলা সদরের পল্লী প্রাইভেট হাসপাতালে। সেখানে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে হাতুড়ে ডাক্তাররা। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মা ও শিশু উভয়েরই মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে। রোববার জাহাঙ্গীর আলম এ ব্যাপারে তার শ্বশুর, শাশুড়ি ও শ্যালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ শাশুড়ি হালিমা খাতুনকে আটক করেছে। অপরদিকে ক্লিনিক পরিচালকরা ক্লিনিকে তালা ঝুলিয়ে গা-ঢাকা দিয়েছেন।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ক্লিনিকটি বন্ধ রয়েছে।
তেলের গোডাউন চেক করার কথা বলে মোবাইলে চাঁদা দাবি!
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মোবাইল ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। শনিবার রাতে এবং রোববার সকালে উপজেলা সদর রায়েন্দা, আমড়াগাছিয়া ও তাফালবাড়ি বাজারের মুদি ব্যবসায়ীদের কাছে এ চাঁদা দাবি করা হয়।
রায়েন্দা বাজারের ব্যবসায়ী মো. ছরোয়ার হোসেন জানান, রোববার বেলা ১১টা ৪০ মিনিটের সময় একটি নম্বর দিয়ে ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকির পরিচয়ে ফোন দেওয়া হয় তাকে। এরপর ফোনে মোবাইল কোর্টের মাধ্যমে ভোজ্যতেলের গোডাউন চেক করার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা অপর দুটি নম্বরে নগদ এবং বিকাশে পাঠাতে বলা হয়।
প্রতারক চক্রের কথায় তার সন্দেহ হলে ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকির সরকারি নম্বরে ফোন দিয়ে কথা বলেন ছরোয়ার হোসেন। ইউএনওর সঙ্গে কথা বলার পরে তিনি বুঝতে পারেন ঘটনাটি প্রতারক চক্রের একটি ফাঁদ।
একইভাবে আমড়াগাছিয়া বাজারের মুদি দোকানি জামাল জোমাদ্দার, তাফালবাড়ি বাজারে মনিরুজ্জামান বাবুল সর্দার, মো. নান্না হাওলাদার, আ. জলিলসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে একইভাবে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে ওই প্রতারক চক্রটি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি ফাঁস হয়ে গেলে সতর্ক হয়ে যান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকি বলেন, ব্যবসায়ীরা আমার কাছে ফোন দিয়ে ঘটনাটি বলার পরে আমি সবাইকে কোনো প্রকার টাকা না দেওয়ার জন্য বলি। এছাড়া শরণখোলা ইউএনওর ফেসবুক পেজে সবাইকে সতর্ক থাকার জন্য এ সংক্রান্ত একটি পোস্ট দেই।











































