স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় মন্দিরা মজুমদার (২৬) নামের এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোডের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
মন্দিরা মজুমদারের পরিবারের দাবি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেখানে তিনি প্রতারণার শিকার হন। এটা নিয়েই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সোনাডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার ও তাঁর বোন সিঁথি মনি হালদারকে আসামি করা হয়েছে।
মন্দিরার বাবা প্রদীপ মজুমদার জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তিনি সুহাস রঞ্জন হালদার ও তাঁর বোন সিঁথি মনি হালদারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ অভিযোগের বিষয়ে কথা বলার জন্য আজ শুক্রবার সুহাস রঞ্জন হালদারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামতাজুল হক বলেন, ওই নারীর মরদেহ নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।











































