Home খেলাধুলা পাঞ্জাবকে উড়িয়ে দিলো দিল্লি

পাঞ্জাবকে উড়িয়ে দিলো দিল্লি

6
দিল্লির জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার ও সরফরাজ খানদিল্লির জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছেন ডেভিড ওয়ার্নার ও সরফরাজ খান

স্পোর্টস ডেস্ক।।

সামান্য প্রতিরোধও গড়তে পারলো না পাঞ্জাব কিংস। একপেশে ম্যাচে আক্ষরিক অর্থেই পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য রেখে পরে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে বড় জয় নিশ্চিত করেছে তারা। আজ (বুধবার) আইপিএলে পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়েছে দিল্লি।

মুম্বাইয়ের ম্যাচে মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ১১৫ রান করে পাঞ্জাব। সহজ এই লক্ষ্য মাত্র ১০.৩ ওভারে ১ উইকেট হারিয়ে টপকে যায় দিল্লি। এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে ঋষভ পান্তরা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা পাঞ্জাব সমান পয়েন্ট নিয়ে রয়েছে আট নম্বরে।

ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি এবং অল্প পুঁজি থাকায় বোলিংয়ে দারুণ কিছু করার প্রয়োজন ছিল পাঞ্জাবের। অথচ হয়েছে উল্টোটা। বরং দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ মিলে তাণ্ডব চালিয়েছেন তাদের ওপর দিয়ে। এই দুই ব্যাটার ৬.৩ ওভারে তুলে ফেলেন ৮৩ রান।

ব্যাটে ঝড় তুলে পৃথ্বি ২০ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রান করে আউট হলেও ওয়ার্নার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ান ওপেনার অপরাজিত থাকেন ৬০ রানে। ৩০ বলের বিধ্বংসী ইনিংসটি তিনি সাজান ১০ বাউন্ডারি ও ১ ছক্কায়। তার সঙ্গে জয় নিশ্চিত করেন ১২ রানে অপরাজিত থাকা সরফরাজ খান।

এর আগে বল হাতে আলো ছড়ান মোস্তাফিজরা। মায়াঙ্ক আগারওয়াল ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। বল হাতে নিয়েই তাকে থামান মোস্তাফিজ। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে তার উইকেট উদযাপন। এরপর আর উইকেট আসেনি দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার আইপিএল মাতানো বাংলাদেশি পেসারের। তবে স্বভাবসুলভ স্লোয়ার ও কাটারে ২৪ বলের মধ্যে ১৪টি ডট দিয়েছেন তিনি।

মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে একেবারেই সুবিধা করতে পারেনি পাঞ্জাব। দলের কেবল চার ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। যেখানে সর্বোচ্চ রান জিতেশ শর্মার (২৩ বলে ৩২)।

ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে পান মোস্তাফিজ। তার আগেই অবশ্য উইকেট উদযাপন করেছিল দিল্লি। ৯ রান করা শিখর ধাওয়ানকে ফেরান ললিত যাদব। যদিও বেশি আগ্রাসী ছিলেন আগারওয়াল। বোলিংয়ে এসেই এই ওপেনারকে ফেরান মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের বল ঠিকঠাক বুঝতে না পেরে বোল্ড হয়ে ফেরেন পাঞ্জাব অধিনায়ক (২৪)।

উইকেট পেলেও বাজে ফিল্ডিংয়ে ওই ওভারে পরপর দুটি বাউন্ডারি হজম করেন মোস্তাফিজ। পরের তিন ওভারে আরও দুটি বাউন্ডারি ও একটি ছক্কা এসেছে তার বল থেকে। তবে ডট বলে তিনি আর অক্ষর প্যাটেল সমান। অক্ষর ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করেছেন। সেখানে মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ২৮ রান। তারপরও দুজনেরই ডট সমান, ১৪টি।

ইনিংসের শেষ ওভারে বল ছিল মোস্তাফিজের হাতে। এই ওভারে দুর্দান্ত বল করেছেন বাঁহাতি পেসার। দ্বিতীয় বলে শুধু একটি বাউন্ডারি হজম করেছেন, বাকি ৫ বলে দেননি কোনও রান। এর মধ্যে শেষ বলে দিল্লি উইকেট পেয়েছে রান আউট থেকে।