বিশেষ প্রতিনিধি, ঢাকা।।
জাতীয় ঐক্যফ্রন্ট করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি বিএনপি। ওই সময় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারাই বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনের আগে ফ্রন্টের নেতারা যেভাবে পরামর্শ দিয়েছেন বিএনপি সেভাবেই কাজ করেছে। তবুও তারা শেষ হাসিটা হাসতে পারেনি। এরপর থেকেই ঐক্যফ্রন্টের কোনো কার্যক্রম এবং সক্রিয়তা নেই। ফ্রন্ট শুধুমাত্র এখন নামে ও কাগজে-কলমে আছে। কিন্তু এরপরও হাল ছাড়ছে না দলটি। তারা এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে দলটি এই ঐক্য করতে চাচ্ছে। এজন্য ইতোমধ্যে দলটি কার্যক্রমও শুরু করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি বাম রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকও করেছে বিএনপি। সেই লক্ষ্যে বাম, ডান এবং ইসলামপন্থি কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বিএনপি। বৃহৎ ঐক্যের বিষয়টি মাথায় রেখে খুব শিগগিরই এসব দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন দলটি।
তবে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা ও তৃণমূলের নেতা কর্মীরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট করে বিএনপি যে ভুল করেছিল এবারও তারা বৃহত্তর ঐক্য করতে গিয়ে একই ভুল করতে যাচ্ছে। ওই সময় আমরা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ভূমিকা দেখেছি। এবার ডান ও বাম দলের ভূমিকা দেখবো। আর তাদের ভূমিকা দেখতে গিয়ে আমরা দেখবো যে, আমাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নেই। তাই বিএনপির উচিত হবে, বৃহত্তর ঐক্যের পথে না হেঁটে সংগঠনকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করে নিজেদের শক্তি নিয়েই রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা।
এ বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের উদ্যোগ এবং কার্যক্রম দেখে মনে হচ্ছে- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেমন বিএনপিকে ড. কামাল হোসেনরা নেতৃত্ব দিয়েছেন। আর এবার বিএনপিকে নেতৃত্ব দেবে বাম দলগুলো। আর এটা যদি হয় তাহলে পক্ষন্তরে দলেরই ক্ষতি হবে।
কিন্তু বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারকে হঠাতে হলে বৃহত্তর ঐক্যের প্রয়োজন। এজন্য দেশের সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে বৃহত্তর ঐক্য করতে চাচ্ছে দলটি।
বৃহত্তর ঐক্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব রাজনৈতিক শক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা ঐক্য তৈরির চেষ্টা করছি। এটা ইউনাইটেড জোট হবে, ইউনাইটেড প্ল্যাটফর্ম.. একথা বলছি না। কিন্তু আমরা যেন একই সাথে বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং তাদেরকে পরাজিত করতে পারি- সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি।
জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দলীয় সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবে না, এই সিদ্ধান্ত আমি সঠিক মনে করি। আর তারা যে বৃহত্তর ঐক্য করে আন্দোলনের কথা বলছেন, সেটাও সঠিক সিদ্ধান্ত।
জাতীয় ঐক্যফ্রন্ট করে বিএনপি যে ব্যর্থতার সম্মুখীন হয়েছে বৃহত্তর ঐক্য করে সেখানে কতটুকু সফলতা পাবে দলটি- এই প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, তখন সময় খুব কম ছিলো। কিন্তু অভিজ্ঞতা তো হয়েছে। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে হবে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে নানা প্রশ্ন ওঠে। ওই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে, নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা ভুল ছিল। বেগম জিয়ার মতে, কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এজেন্ডাবিহীন সংলাপে যাওয়া বিএনপির জন্য ভুল ছিল। কিন্তু এ বিষয়ে ওই সময় ফ্রন্টের নেতারা বলেছিলেন, বেগম জিয়া যে এই কথা বলেছেন- তার কোনো প্রমাণ নেই। তারা শোনননি। আর বিএনপি মহাসচিবও ফ্রন্টের নেতাদের বলেছিলেন, এ ধরণের কথা বিএনপি চেয়ারপারসন বলেননি। কিন্তু দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন যে, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে তাদের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির জন্য চরম একটা ভুল সিদ্ধান্ত ছিলো। সেই ভুলের খেসারত দলটিকে এখন দিতে হচ্ছে।
২০১৮ সালের ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেয়া হয়। ওই সময় জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি এবং ১১টি লক্ষ্য ঘোষণা করা হয়। তবে যে লক্ষ্য নিয়ে ফ্রন্ট গঠন করা হয় তা এখনো পূরণ হয়নি। বরং দাবি ও লক্ষ্য পূরণ না হওয়ার পরও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং ফলাফল প্রত্যাখান করে জোটের সংসদ সদস্যদের এমপি হিসেবে শপথ গ্রহণে আরো বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দকে।











































